ঘর থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় রাতে ঘর থেকে তুলে নিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকার শরিফ হোসেন (৩৮) ও একই এলাকার মজিবর রহমান (৫০)।
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার একটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ওই ছাত্রী সোমবার রাতে খাবার খেয়ে তার ছোট ভাইয়ের সঙ্গে ঘরে ঘুমিয়ে পড়ে। দুই ব্যক্তি রাতে জানালার গ্রিল কেটে ঘরে ঢোকেন। টের পেয়ে মেয়েটি ঘুম থেকে জেগে উঠলে নেশাজাতীয় দ্রব্য মুখে দিয়ে তাকে অচেতন করা হয়। পরে তাকে পাশের করিমেরটেক এলাকার একটি বাগানে নিয়ে শরিফ হোসেন ধর্ষণ করেন। এতে সহযোগিতা করেন মজিবর রহমান। একাধিকবার ধর্ষণের পর মেয়েটিকে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে পালিয়ে যান দুজন।