ঘর থেকে নবদম্পতির লাশ উদ্ধার
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে নবদম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুর কারণ উদ্ঘাটন করা সম্ভব হয়নি। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মৃত ব্যক্তিরা হলেন সৌদিপ্রবাসী গিয়াস উদ্দিন হাওলাদার (৩৫) ও তাঁর স্ত্রী তামান্না (১৬)। গতকাল বৃহস্পতিবার উপজেলার কাজিরহাট থানা-পুলিশ আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করে।
নিহত গিয়াস উদ্দিন হাওলাদার আজিমপুর গ্রামের সোনাব আলী হাওলাদারের ছেলে। তামান্না একই গ্রামের মো. রাজ্জাক মীরের মেয়ে। এক মাস আগে বিদেশ থেকে ফিরে এসে গিয়াস তামান্নাকে বিয়ে করেছিলেন।
মৃত তামান্নার জা সুলতানা বেগম জানান, প্রতিদিন গিয়াস ও তাঁর স্ত্রী সকাল আটটার মধ্যে ঘুম থেকে জাগেন। গতকাল সকাল সাড়ে নয়টায়ও ঘরের দরজা না খোলায় তামান্নার বাবাকে খবর দেওয়া হয়। তাঁরা এসে টিনশেড ভবনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গিয়াসের লাশ ওড়না প্যাঁচানো ফ্যানে ঝুলন্ত অবস্থায় এবং তামান্নার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
তবে আজিমপুর গ্রামের একাধিক বাসিন্দা জানিয়েছেন, তামান্না মাউনতলা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। বয়স কম হওয়ায় গিয়াস ও তামান্নার মধ্যে পারিবারিক কলহ ছিল। বয়সের পার্থক্য থাকার কারণেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে মাউনতলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা বিলকিস প্রথম আলোকে বলেন, ‘তামান্না আক্তার এ বছর আমার বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণিতে নিবন্ধন করেছে। তার বয়স ১৫-এর বেশি হবে না।’