ঘর থেকে নারী চা-শ্রমিকের লাশ উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে বসতঘর থেকে এক নারী চা–শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম রমণী তাঁতি। আজ রোববার উপজেলার রহিমপুর ইউনিয়নের মির্ত্তিঙ্গা চা–বাগানের মাদ্রাজী টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।
ওই বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে স্থানীয় ইউপি সদস্য ধর্না বাউরী জানান, বেলা দুইটার দিকে ছেলে সুদীপ তাঁতি কলেজ থেকে এসে ঘরের দরজা খুলে মায়ের রক্তমাখা লাশ দেখে চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে আসেন। খবর পেয়ে কমলগঞ্জ থানা-পুলিশের এসআই কৃষ্ণ মোহন দেবনাথ লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় ইউপি সদস্য ধর্না বাউরী বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে রমণীর স্বামী হরিকিশোন কুড়াল দিয়ে কোপ দিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে গেছেন। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। পুলিশ হত্যায় ব্যবহৃত কুড়াল জব্দ করে। এ ঘটনায় সন্ধ্যায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এই দম্পতির ২ ছেলে, ২ মেয়ে রয়েছে।
মৌলভীবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। হরিকিশোনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।