বরিশাল নগরে মমতাজ বেগম (৬০) নামের এক বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়েছে। তবে হত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি বড় দা উদ্ধার করেছে পুলিশ।
গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ২৫ নম্বর ওয়ার্ডের উত্তর রুপাতলী সাগরদী রোডের বাড়ি থেকে ওই লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মমতাজ বেগম সাগরদী রোডের ফকিরবাড়ি স্কুলসংলগ্ন মমতাজ ভিলার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনার কর্মকর্তা করিম হাওলাদারের স্ত্রী।
নিহত নারীর ভাই অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আলমগীর হোসেন জানান, বোনের ছেলে এমদাদ হোসেন ঢাকা থেকে মুঠোফোনে জানিয়েছেন বাড়িতে তাঁর মা একা রয়েছেন। মায়ের সঙ্গে প্রতিবেশীদের বাগ্বিতণ্ডা হয়েছে। এ ব্যাপারে খোঁজ নিতে বলেন। এরপর ওই বাড়িতে গিয়ে বোনের গলাকাটা লাশ দেখতে পান।
পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, বাড়িতে বৃদ্ধা একা থাকতেন। তাঁর স্বামী অসুস্থ হওয়ায় তিনি ঢাকায় চিকিৎসাধীন। এ সুযোগে কে বা কারা কুপিয়ে গলা কেটে হত্যা করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
নিহত মমতাজ বেগমের বড় ছেলের বউ জানান, তাঁর স্বামী অসুস্থ। শ্বশুরের সঙ্গে চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন। তিনি পরিবারসহ নগরের থানা কাউন্সিলের সামনে ভাড়া বাসায় থাকেন। সন্ধ্যা সাতটার দিকে শাশুড়ির খোঁজ নিয়ে রুপাতলী এলাকার ওই বাড়িতে আসেন। ঘরের দরজা বন্ধ দেখে শাশুড়িকে ডাক দিয়ে কোনো সাড়া না পেয়ে বাড়ির পেছনে যান। জানালা খোলা দেখতে পেয়ে তিনি সেখান থেকে তাঁর শাশুড়িকে মাটিতে পড়ে থাকতে দেখেন। এরপর তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে ঘরের সামনের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, সংবাদ পেয়ে ঘরের ভেরত থেকে গলাকাটা অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহত নারীর ছোট ভাই আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তবে পুলিশ তদন্ত শুরু করেছে।