ঘর থেকে বের করে কুপিয়ে হত্যা
জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে আজগর মিনা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
এ সময় ঠেকাতে গিয়ে আরও পাঁচজন আহত হন। গতকাল বৃহস্পতিবার সকালে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়ড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জমিজমা নিয়ে নিহত আজগর মিনার সঙ্গে একই গ্রামের রাজা মোল্লার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে রাজা মোল্লা ১৫ থেকে ২০ ব্যক্তিকে সঙ্গে নিয়ে আজগর মিনার বাড়িতে চড়াও হন। তাঁরা আজগর মিনাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে উঠানে ফেলে কুপিয়ে হত্যা করেন। এ সময় প্রতিবেশীরা ঠেকাতে গেলে পাঁচজনের মতো আহত হন। আহত মুসা মিনা (২৫), রউফ মুনশি (৪০), মিজানুর মিনা (৫০) ও জাহিদ মীরকে (৩০) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত আজগর মিনার স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী বিজিবিতে রান্নাবান্নার চাকরি করত। সাতসয়ালে রাজা মুল্লারা ঘরে ঢুকে ছলের বাপরে ধরে উঠোনে নিয়ে কুপায়ে মারে ফেলে। পাশের বাড়ির মানুষরা ঠিয়াতি গিলি তাগেও কুপায়। আমার স্বামী হত্যার বিচার চাই।’
পেড়লী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নাছির উদ্দীন সরদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগেই রাজা মোল্লার লোকজন আত্মগোপন করে।
কালিয়া থানার ওসি আবদুল গণি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।