ঘর থেকে মা-মেয়ের লাশ উদ্ধার
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আজ মঙ্গলবার ঘর থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েকে হত্যার পর মা আত্মহত্যা করেছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। তবে নিহত মায়ের ভাই দাবি করেছেন, তাঁর বোনকে হত্যা করা হয়েছে।
সকাল আটটার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের শীলপাড়া থেকে মা শেলী শীল (৩৫) ও মেয়ে অন্তরা শীলের (৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘর থেকে শেলীর আট মাসের শিশুপুত্র অনুরাগ শীলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অন্তরা আহলা চাইল্ড কেয়ার কিন্ডারগার্টেন স্কুলে শিশু শ্রেণির ছাত্রী ছিল।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দীন চৌধুরী বিকেলে ঘটনাস্থল থেকে প্রথম আলোকে বলেন, ‘শেলীর মরদেহ ঝোলানো অবস্থায় দেখতে পাই। তাঁর পাঁচ বছরের শিশুকন্যা অন্তরার লাশ বিছানায় পড়েছিল। শিশুটিকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান বিকেলে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে মেরে মা আত্মহত্যা করেছেন। বিষয়টি রহস্যজনক। ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষ না করে সুস্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। আগামীকাল বুধবার লাশের ময়নাতদন্ত করা হবে।’
শেলীর শ্বশুরবাড়ির লোকজনের ভাষ্য, সকালে শেলীর ছেলে অনুরাগের কান্না শুনে শাশুড়ি সবিতা শীল ঘরের দরজা খুলে শেলীকে ঝুলন্ত অবস্থায় এবং বিছানায় অন্তরার লাশ দেখতে পান। শাশুড়ির চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।
ছেলের সঙ্গে ছেলের বউয়ের কোনো মনোমালিন্য ছিল না বলে সাংবাদিকদের কাছে দাবি করেন শেলীর শাশুড়ি সবিতা শীল।
শেলীর স্বামী অসীম শীল চট্টগ্রাম আদালতে এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করেন। আজ সকালে তিনি কাজে চলে যান বলে পরিবারের লোকজন দাবি করেছেন। তবে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাঁকে মোবাইল ফোনে কল করে বাড়ি আসতে বললে তিনি আসেননি এবং ফোন বন্ধ করে দেন।
এদিকে শেলীর ভাই সুজন শীলের দাবি, ‘এটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। আমার বোনকে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। মেয়ে দেখে ফেলায় তাকে হত্যা করা হয়েছে।’ এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।