ঘর থেকে স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী আটক
নগরের দেওয়ানহাট ওভারব্রিজের নিচে মাজারসংলগ্ন একটি বাড়ি থেকে জিন্নাত ফেরদৌস ওরফে পপি (২৪) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিন্নাতের স্বামী দিদারুল আলমকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, দিদারুলই তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। আজ শনিবার দুপুরে এই হত্যাকাণ্ড ঘটে।
এই দম্পতির চার বছর বয়সের এক কন্যাসন্তান রয়েছে।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমদ খান ‘প্রথম আলো’কে জানান, দিদারুল আলম কোনো কাজ করতেন না। নেশা করতেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া হতো। তিনি স্ত্রীকে মারধরও করতেন।
ওসি আরও বলেন, ‘আজ দুপুরে ঝগড়ার একপর্যায়ে দিদারুল তাঁর স্ত্রীর কপাল, নাক ও বুক রড দিয়ে থেঁতলে দেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দিদারকে গ্রেপ্তার করেছি।’
পুলিশ রক্তাক্ত অবস্থায় জিন্নাতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। আর দিদারুল আলমকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।