ঘরবাড়ি ভেঙে চলে গেল ৪০ পরিবার
পুলিশের ভয়ে যশোর শহরের নেতাজি সুভাষ চন্দ্র বসু সড়কে ৪০টি পরিবার ঘরবাড়ি ভেঙে চলে গেছে অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার এ পরিবারগুলো নিজেদের ঘর ভেঙে চলে যায়।
ওই পরিবারগুলোর সদস্যদের অভিযোগ, তাঁদের ওই জমিতে এখন সীমানাপ্রাচীর তৈরি করছে পুলিশ প্রশাসন। গত বুধবার ওই জমিতে থাকা ১৫টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করে পুলিশ ক্লাবের সাইনবোর্ড ঝুলিয়ে দেয় পুলিশ।
জানতে চাইলে যশোর জেলা পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (সদর) মীর সাফিন মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘তাঁরা কী কারণে চলে গেছেন, তা ঠিক বলতে পারছি না। তবে তাঁরা হয়তো বুঝতে পেরেছেন যে, জমিটি সরকারি যা পুলিশ বিভাগের নামে বরাদ্দ। তাঁরা অবৈধভাবে সেখানে বসবাস করছিলেন। তা ছাড়া বোমা বিস্ফোরণের একটি মামলায় তাঁদের সাতজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। ওই মামলার তদন্ত চলছে। এ সব কারণে তাঁরা চলে যেতে পারেন।’
চলে যাওয়া পরিবারগুলোর একজন হালিমা খাতুন সাংবাদিকদের বলেন, ‘এক শ বছর ধরে তাঁর পূর্বপুরুষেরা এই জমি বরাদ্দ নিয়ে বসবাস করে আসছেন। হঠাৎ করে পুলিশ এই জমিতে থাকা দোকান দখল করে। এরপর জমিতে বসতবাড়ি করে থাকা লোকজনকে এলাকা ছাড়ার হুমকি দেয় পুলিশ।’