ঘরছাড়া করে ছেলে, ইউএনও দেন তুলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিরোজা বেগমকে (৬৫) মারধর করে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দিয়েছেন তাঁর ছেলে। জোর করে দখল করে নিয়েছেন তাঁর (ফিরোজা) ২১ শতক কৃষিজমি। ইউএনওর কার্যালয়ে এসে ঘটনাটি তাঁকে জানান ফিরোজা। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে হাজির হন ইউএনও। এলাকাবাসীকে ডেকে তালা ভেঙে ফিরোজাকে ঘরে তুলে দেন। দখল বুঝিয়ে দেন তাঁর বেদখলি জমির। কিছু টাকা ও শাড়ি-কাপড়ও তুলে দেন বৃদ্ধার হাতে। গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙা গ্রামে এসব ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজার স্বামীর বাড়ি মতলব উত্তর উপজেলার রসুলপুর গ্রামে। তাঁর বাবার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার উত্তর ডিঙ্গাভাঙা গ্রামে। স্বামী মারা যাওয়ার পর বাবার বাড়িতে একমাত্র সন্তান কামাল হোসেনকে (৩২) নিয়ে বসবাস করছেন ফিরোজা। পৈতৃক সূত্রে পাওয়া ২১ শতক জমি চাষবাস করে কোনো রকমে বেঁচে আছেন। দু-তিন বছর আগে ছেলের বিয়ে দেন। এরপর থেকে ছেলে ও ছেলের বউ তাঁকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছেন। জমি লিখে দেওয়ার জন্য মায়ের ওপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেন কামাল।

এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার নির্যাতনের বিচার চেয়েও পাননি ফিরোজা। বৃহস্পতিবার সকাল ১০টায় ফিরোজাকে গালাগাল ও মারধর করেন ছেলে কামাল ও তাঁর স্ত্রী। ২১ শতক জমি নিজের নামে দলিল করে সেখানে জোর করে ফিরোজার সই আদায় করেন কামাল। তারপর মাকে ঘর থেকে বের করে তালা ঝুলিয়ে দেন।

বেলা একটার দিকে ফিরোজা ইউএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) কার্যালয়ে এসে তাঁকে ঘটনাটি জানান। ইউএনও ফিরোজার বাড়িতে যান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজনকে ডেকে ঘরের তালা ভেঙে তাঁকে ঘরে তুলে দেন। ছেলে কামাল যাতে মায়ের জমি মাকে দলিল করে ফিরিয়ে দেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানকে সেই দায়িত্বও দেন। ব্যক্তিগত উদ্যোগে কিছু টাকা ও দুটি শাড়িও দিয়ে আসেন বৃদ্ধাকে।

ফিরোজা বেগম বলেন, ‘আমার পোলা আমারে মাইরা ঘরছাড়া করছে। জমিনডাও তার নামে লইয়া গেছে। ইউএনও সাবে আমারে ঘরে তুইলা দিছে। জমি ফিরাইয়া দিছে। কিছু টেয়া ও কাপড় দিছে। ওনার অছিলায় সব ফিরা পাইলাম।’

এ ব্যাপারে কামাল হোসেনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। দুজন এলাকাবাসী জানান, ঘটনার পর থেকে কামাল ও তাঁর স্ত্রী পলাতক। উপাদী উত্তর ইউপির চেয়ারম্যান মো. শহিদুল্লাহ বলেন, ফিরোজার ছেলে বাড়ি এলে সালিস বসানো হবে। মাকে জমি ফিরিয়ে দিতে তাঁকে (কামাল) বাধ্য করা হবে।

ইউএনও শহীদুল ইসলাম বলেন, দায়িত্ববোধ থেকেই ওই বৃদ্ধার পাশে দাঁড়িয়েছেন। তাঁর জন্য বয়স্ক ও বিধবা ভাতারও ব্যবস্থা করা হবে।