ঘরমুখী যাত্রীদের অচেতন করে লুট
বগুড়ার শেরপুরে ঈদে ঘরমুখো ট্রাকযাত্রীদের অচেতন করে টাকা, মুঠোফোনসহ পরিবারের জন্য কেনা নতুন কাপড় লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
গত বুধবার রাতে পুলিশ স্থানীয় বাসস্ট্যান্ড এলাকা থেকে অচেতন অবস্থায় তিন যাত্রীকে উদ্ধার করেছে। পরে তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে দুজন গতকাল বৃহস্পতিবার সকালে জ্ঞান ফিরে পান। তাঁরা হলেন বগুড়ার ধুনট উপজেলার নাটাবাড়ী গ্রামের হানিফ খানের ছেলে মো. সৌরভ (২০) ও গাবতলী উপজেলার রায় গলি পশ্চিমপাড়া গ্রামের শাহজামাল আলীর ছেলে আজিজুল হক (২৫)। তাঁরা দুজনই ঢাকায় পোশাক কারখানার শ্রমিক।
শেরপুর শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (টিএসআই) মেরাজুল হক বলেন, বুধবার রাত দুইটার দিকে মহাসড়কের পাশে পড়ে থাকা অচেতন অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেল পর্যন্ত জ্ঞান ফিরে না পাওয়া ব্যক্তির বয়স প্রায় ৪৫ বছর।
জ্ঞান ফিরে পাওয়া মো. সৌরভ বলেন, বাসে টিকিট না পেয়ে তিনি বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার আবদুল্লাহপুর থেকে রংপুরগামী খালি ট্রাকে ওঠেন। ওই ট্রাকে তাঁর মতো আরও ১৫ জন যাত্রী ছিলেন। পথে ইফতারি খেতে দেন ট্রাকের চালক ও তাঁর সহকারী (হেলপার)। ইফতারি খাওয়ার পর তাঁর ঘুম ধরে যায়। এমনভাবে ঘুমে ঢলে পড়তে দেখেছেন ট্রাকে থাকা অন্য যাত্রীদের। গতকাল সকালে জ্ঞান ফিরে দেখেন তাঁর ২ হাজার ৫০০ টাকাসহ ঈদ উপলক্ষে বাড়ির সবার জন্য কেনা নতুন জামা-কাপড় নেই।
আজিজুল হক বলেন, তিনিসহ আরও পাঁচজন বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় গাজীপুরের চান্দরা থেকে বগুড়াগামী খালি ট্রাকে উঠেছিলেন। সবাই ছিলেন পোশাক কারখানার শ্রমিক। ট্রাকের চালক ও হেলপার তাঁদের ইফতারি খাইয়ে অচেতন করেছে। তাঁর কাছে থাকা ১৭ হাজার টাকাসহ একটি মুঠোফোন ও বাড়ির সবার জন্য কেনা নতুন জামা-কাপড় লুট করে নিয়ে গেছে।
এ প্রসঙ্গে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী বলেন, এ ধরনের অপরাধ কর্মকাণ্ডের ঘটনা জানার পর থেকে শেরপুরে চলাচল করা বিভিন্ন পরিবহনে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।