ঘরে ঘুমিয়ে থাকা দিনমজুর খুন, সন্দেহ ছেলের দিকে
ঝিনাইদহের গাগান্না গ্রামে ৬০ বছর বয়সী বিশারত আলী মোল্লা গত বুধবার রাতে নিজ ঘরের বারান্দায় ঘুমিয়ে ছিলেন। এ সময় তাঁকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যাওয়া হয়েছে।
পরিবারের কয়েকজন সদস্যের অভিযোগ, বিশারতের এক ছেলে আলাউদ্দিন বাবার কাছে টাকা চেয়ে না পেয়ে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর থেকে আলাউদ্দিন নিখোঁজ রয়েছেন।
বিশারত আলীর ভাই নূর আলী জানান, তাঁর ভাইয়ের দুই ছেলে আর দুই মেয়ে। বড় ছেলে সিদ্দিকুর রহমান মোল্লা বিয়ে করে পৃথক বাড়ি বানিয়ে সেখানে বসবাস করেন। দুই মেয়ে ঝর্ণা আর শেফালিকে বিয়ে দিয়েছেন। ছোট ছেলে আলাউদ্দিন (২৪) এখনো বিয়ে করেননি। ওই ছেলে তাঁর সঙ্গেই থাকেন। বিশারতের স্ত্রী রুসিয়া খাতুন বাক্প্রতিবন্ধী। তাঁর মাঠে কোনো চাষযোগ্য জমি নেই। অন্যের জমিতে কৃষিকাজ আর বাড়িতে গরু লালন-পালন করে সংসার চালান। ছেলে আলাউদ্দিন বাবার কাছে প্রায়ই টাকা চাইতেন। বাবা টাকা দিতে পারবেন না জানালে গরু বিক্রি করে দিতে বলেন। এতেও রাজি না হওয়ায় আলাউদ্দিন প্রায়ই বাবা বিশারত আলীর সঙ্গে গোলমাল করতেন। এমনকি মাঝেমধ্যে বাবাকে মারধরও করতেন। বুধবার সন্ধ্যায় তাঁরা দুজন গোলমাল করেন। এরপর আলাউদ্দিন ঘরের মধ্যে আর বাবা বিশারত আলী বারান্দায় ঘুমিয়ে পড়েন। রুসিয়া খাতুন ছিলেন আরেক ঘরে।
নূর আলী আরও জানান, গতকাল বৃহস্পতিবার সকালে রুসিয়া খাতুন ওই ঘরের বারান্দায় তাঁর স্বামীর লাশ পড়ে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেন। তাঁরা ছুটে গিয়ে দেখেন, বিশারতকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নূর আলী জানান, ঘরে থাকা ছেলে আলাউদ্দিনকে তাঁরা খুঁজে পাননি। তাঁদের ধারণা, টাকার জন্য আলাউদ্দিনই তাঁর বাবাকে হত্যা করে পালিয়েছেন।
ঝিনাইদহ সদর থানায় কর্তব্যরত এএসআই শিল্পী আক্তার জানান, নিহত বিশারত আলীর বড় ছেলে সিদ্দিকুর রহমান বাদী হয়ে একজনকে সন্দেহ করে মামলা দায়ের করেছেন। তাঁরা আলাউদ্দিনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছেন।