ঘরে ঢুকে ইউপি চেয়ারম্যানকে উপর্যুপরি গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে নিজ ঘরের ভেতরে উপর্যুপরি গুলি করে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহভাজন একজনের স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে আটক করেছে পুলিশ।
আহত মো. সফিকুল ইসলাম উপজেলার দরিকান্দি ইউপির চেয়ারম্যান। তাঁকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকার অ্যাপোলো হাসপাতালে পাঠানো হয়। তবে বর্তমানে তিনি শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছে পরিবার।
পরিবার জানায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সাহেব নগর গ্রামের মৃত সহিদ মিয়ার ছেলে রফিকুল হক ওরফে বাবুসহ তিন ব্যক্তি খাল্লা গ্রামে চেয়ারম্যানের বাড়িতে আসেন। রফিকুলের শ্বশুরবাড়িও এ গ্রামে।
চেয়ারম্যানের সঙ্গে চার-পাঁচ মিনিট কথা বলার পর তাঁরা বেরিয়ে যান। এ সময় চেয়ারম্যান সফিকুল বাড়ির ফটক পর্যন্ত তাঁদের এগিয়ে দিয়ে আসেন। এরপর নিজের ঘরে ঢুকে সোফায় বসেন। এক-দুই মিনিটের মধ্যেই রফিকুল একা ওই ঘরে প্রবেশ করে সফিকুলকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালান। এতে সফিকুল মেঝেতে লুটিয়ে পড়েন। গুলির শব্দে প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই রফিকুল পালিয়ে যান। গুলিবিদ্ধ সফিকুলকে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।
চেয়ারম্যানের সঙ্গে রয়েছেন তাঁর চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ করিম সাজু। তিনি গতকাল বলেন, আহত সফিকুলকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁরা মুখ, গলা, পেট ও পা থেকে চারটি গুলি বের করেছেন। আপাতত তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
চেয়ারম্যানের ছোট ভাই সাব্বির আহমেদ সুবীর বলেন, ‘আমার ভাইয়ের সঙ্গে রফিকুলের এমন কোনো বিরোধ ছিল না যে কারণে তিনি গুলি করতে পারেন।’
বাঞ্ছারামপুর থানা-পুলিশও বলছে, তারা এ ঘটনার কোনো যোগসূত্র খুঁজে পাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই খাল্লা গ্রামে অভিযান চালিয়ে রফিকুলের স্ত্রী হোসনে আরা, শ্বশুর মিলন মিয়া খন্দকার ও শাশুড়ি বেবি বেগমকে আটক করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব বলেন, রফিকুল পেশায় পরিবহন ব্যবসায়ী। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। তাঁর শ্বশুর-শাশুড়ি ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।