ঘরে ঢুকে গৃহকর্মী দেখেন লাশ ঝুলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া শহরের কোর্টপাড়া এলাকায় আনোয়ার হোসেন মনজিল ছাত্রীনিবাস থেকে এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গৃহকর্মী খাবার দিতে তার কক্ষে ঢুকে দেখেন, সিলিং ফ্যানের সঙ্গে লাশ ঝুলছে।

ওই ছাত্রীর নাম অনন্দিতা রানি মণ্ডল। সে রাজবাড়ীর পাংশা উপজেলার কুঠি মালিয়া গ্রামের মনোরঞ্জন মণ্ডলের মেয়ে। অনন্দিতা কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী।

পুলিশ ও ছাত্রীনিবাসের কয়েকজন ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, অনন্দিতার রুমমেট বাড়িতে থাকায় বুধবার রাতে সে একাই ওই কক্ষে ছিল। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে গৃহকর্মী ওই কক্ষে খাবার দিতে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে প্যাঁচানো অনন্দিতার ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বৃহস্পতিবার দুপুরে লাশের ময়নাতদন্ত করেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম। তিনি জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে এটা আত্মহত্যা। ময়নাতদন্তের পর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অনন্দিতার কাকা স্বপন কুমার মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার অনন্দিতা বাড়ি থেকে মাস-খরচের টাকা নিয়ে ছাত্রীনিবাসে যায়। সম্প্রতি ছাত্রীনিবাস থেকে ওর ব্যবহৃত মুঠোফোন ও কিছু সোনার গয়না হারিয়ে যায়। এ নিয়ে তার মা একটু বকাঝকা করেছিল। সকালে জানতে পারেন, ওর ঝুলন্ত লাশ পাওয়া গেছে।’

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী জানান, অনন্দিতা দুই পৃষ্ঠার একটা চিঠি লিখে গেছে। আত্মহত্যার জন্য তিনি নিজে দায়ী বলে চিঠিতে উল্লেখ করেছে।