ঘরে ঢুকে ঘুমন্ত কৃষককে গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে বাড়িতে ঢুকে ঘুমন্ত অবস্থায় লুৎফর রহমান ওরফে লুতু মিয়া (৪৬) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
গত সোমবার পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডের মাহমুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ গতকাল মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহত ব্যক্তির মামা দেলোয়ার হোসেন বাদী হয়ে গতকাল অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে বিরামপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।
নিহত লুৎফরের একমাত্র ছেলে হাবিবুর রহমান বলেন, ঘটনার দিন তিনি ও তাঁর বাবা বাড়িতে ছিলেন। তাঁর মা গত রোববার মেয়ের বাড়িতে বেড়াতে যান। রাত আনুমানিক ১১টার পর তিনি ও বাবা আলাদা ঘরে ঘুমিয়ে পড়েন।
গতকাল ভোরে জমিতে মুলা তুলতে যাওয়ার জন্য তিনি বাবাকে ডাকতে থাকেন। বারবার ডাকার পরও কোনো সাড়া না পেয়ে
ঘরের দরজা খুলে বাবাকে গলা কাটা অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।
নিহত ব্যক্তির স্ত্রী মোসলেমা বেগম পুলিশের কাছে অভিযোগ করে বলেন, আড়াই বছর আগে পার্বতীপুর উপজেলার কলাকাপুর (বেলেরডাঙ্গা) গ্রামের মোজাফ্ফর হোসেনের মেয়ের সঙ্গে তাঁর ছেলের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বিভিন্ন বিষয়ে বিরোধ চলে আসছে। তাঁর ছেলের স্ত্রী বিয়ের পর থেকে বাবার বাড়িতেই থাকেন। পুত্রবধূকে আনতে গেলে ছেলের শ্বশুরসহ অন্য আত্মীয়রা বিভিন্ন সময় লুৎফর রহমানকে হত্যার হুমকি দিতেন। ওই বাড়ির লোকজনই এ ঘটনা ঘটিয়েছেন।
হাবিবুরের শাশুড়ি প্রথম আলোর কাছে লুৎফর রহমানকে কোনো রকম হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন।
ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুশান্ত সরকার ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনার কারণ সম্পর্কে পুলিশ অনেকটাই নিশ্চিত হতে পেরেছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুরের শ্বশুর মোজাফ্ফর হোসেনকে থানায় নিয়ে আসা হয়েছে।