ঘরে ঢুকে ঘুমন্ত মা-মেয়েকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর ইউনিয়নে কুপিয়ে ঘুমন্ত মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় ছেলেও আহত হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আতলরা ফাউকাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন হাছুনী বিবি (৫০) ও তাঁর মেয়ে আরিফা খাতুন (১৮)। নিহত আরিফা স্থানীয় ধলাদিয়া কলেজের শিক্ষার্থী ছিলেন। দুর্বৃত্তদের অস্ত্রের আঘাতে আহত হন হাছুনি বিবির ছেলে শাহজাহান মিয়া (২১)। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রহ্লাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ। তাঁর দেওয়া তথ্যমতে, রাতের খাবার খেয়ে মা হাছুনী বিবি, তাঁর মেয়ে আরিফা ও ছেলে শাহজাহান মিয়া একই ঘরে ঘুমিয়েছিলেন। রাত দেড়টার দিকে দুর্বৃত্তরা ঘরের দরজা খুলে ভেতরে ঢোকে। একপর্যায়ে দুর্বৃত্তরা মা, মেয়ে ও ছেলেকে কুপিয়ে আহত করে। তাঁদের চিৎকারে পাশের ঘর থেকে হাছুনীর ছোট ছেলে মুজিবুর রহমান ও প্রতিবেশীরা এগিয়ে যান। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফা খাতুনকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হাছুনী বেগম মারা যান।

আবু সাইদের ভাষ্য, আহত ব্যক্তিদের উদ্ধারের সময় আরিফা বিবস্ত্র অবস্থায় ছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা আরিফাকে ধর্ষণ করেছে বা ধর্ষণের চেষ্টা করেছে। হাছুনী বেগমের স্বামীর নাম আমির উদ্দিন। তিনি মারা গেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব মিয়ার ভাষ্য, সকালে ঘটনার খবর শুনেছি। ঘটনাস্থলে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলামসহ পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।