ঘরে ঢুকে চিকিৎসককে কোপাল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎ​সাধীন চিকিৎসক তারেক শামস l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎ​সাধীন চিকিৎসক তারেক শামস l ছবি: প্রথম আলো

চট্টগ্রামে ঘরে ঢুকে এক চিকিৎসককে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার ভোরে নগরের হালিশহরের রঙ্গিপাড়া এলাকার বাসায় চিকিৎসকের শোবার ঘরে এ ঘটনা ঘটে। আহত তারেক শামস চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বহির্বিভাগের চিকিৎসক।
পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে তারেকের পরিবার বলছে, কারও সঙ্গে তাদের শত্রুতা নেই। তারেকের চিকিৎসক সহকর্মীরাও একই কথা বলেছেন। চিকিৎসা ও লেখাপড়ার বাইরে কোনো সংগঠনের সঙ্গে তারেক যুক্ত নন বলেও স্বজন এবং সহকর্মীরা বলেছেন।
পুলিশ বলছে, ধারালো অস্ত্র দিয়ে যেভাবে চিকিৎসককে কোপানো হয়েছে, তাতে বোঝা যায় তাঁকে হত্যা করতে চেয়েছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে কাউকে আটক করা যায়নি।
তারেক শামসকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তাঁর দুই হাত, বুক ও মাথায় আঘাত রয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শহিদুল গণি প্রথম আলোকে বলেন, তারেকের মাথায় গুরুতর আঘাত রয়েছে। তাঁর অবস্থা আশঙ্কামুক্ত কি না, তা ৪৮ ঘণ্টা পর বোঝা যাবে।
তারেক শামসের বাবা শামসুল আলমও চিকিৎসক। তাঁর মা আনোয়ারা আলম আগ্রাবাদ মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ। মা-বাবার সঙ্গেই রঙ্গিপাড়ার বাসায় থাকেন তিনি। দোতলা বাড়ির নিচতলায় স্ত্রীসহ তারেক শামস থাকেন। তাঁর মা ও বাবা থাকেন দ্বিতীয়তলায়। রোববার তারেকের স্ত্রী ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যাওয়ায় নিচতলার ঘরে তিনি একা ছিলেন।
তারেকের মা আনোয়ারা আলম প্রথম আলোকে বলেন, ছেলের সঙ্গে খাবার খেয়ে গত রোববার রাত ১২টার দিকে ঘুমানোর জন্য নিচতলা থেকে তিনি ও তাঁর স্বামী দোতলায় যান। ভোর সাড়ে পাঁচটার দিকে দোতলার দরজায় এসে স্থানীয় লোকজনের ডাকাডাকিতে তাঁদের ঘুম ভাঙে। স্থানীয় লোকজন নামাজ পড়তে যাওয়ার সময় তারেকের ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ঘরে ঢুকে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে দোতলায় গিয়ে তাঁদের ডেকে তোলেন।
কীভাবে, কেন এই ঘটনা ঘটেছে তা নিয়ে অন্ধকারে রয়েছে তারেকের পরিবার। আনোয়ারা আলম বলেন, কারও সঙ্গে তাঁদের শত্রুতা নেই। তিনি বলেন, পুলিশ বলেছে বাসার ছাদের দরজা খোলা ছিল। ওই দরজা দিয়ে দুর্বৃত্তরা ঘরে ঢুকতে পারে বলে পুলিশ ধারণা করছে।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুল ইসলাম বলেন, ঘরের মূল দরজা ভাঙা ছিল না। দুর্বৃত্তরা কীভাবে ঢুকেছে তা তদন্তের পর বলা যাবে। তারেক শামসের অবস্থা গুরুতর হওয়ায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। দুর্বৃত্তরা একটি মুঠোফোন ছাড়া আর কিছু নিয়ে যায়নি। সেখানে ল্যাপটপ এবং আরও কয়েকটি মুঠোফোন ছিল। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।
হাসপাতালের সহকর্মীরা বলছেন, তারেক বিনয়ী। বিভাগের সবার সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে। চিকিৎসা ও পড়ালেখার বাইরে অন্য কোনো সংগঠনের সঙ্গে তারেকের যুক্ত থাকার তথ্য তাঁদের জানা নেই।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বলেন, পূর্বশত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। কারণ, দুর্বৃত্তরা কোনো মালামাল নিয়ে যায়নি। পেশাগত কিংবা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।