ঘরে ঢুকে যুবককে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পূর্ব জুরাইনের বাগানবাড়ি এলাকায় গত রোববার গভীর রাতে সন্ত্রাসীদের গুলিতে মো. ইব্রাহিম (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।
ইব্রাহিমের স্বজনেরা জানান, বিভিন্ন অনুষ্ঠানে সাজসজ্জার সরঞ্জাম ভাড়ার পারিবারিক ব্যবসা দেখাশোনা করতেন ইব্রাহিম। তবে পুলিশ বলছে, ইব্রাহিম মাদক ব্যবসায় যুক্ত। মাদক মামলায় গ্রেপ্তার হয়ে তিনি এক মাস আগে কারাগারে ছিলেন।
ইব্রাহিমের ভাই হারুন অর রশীদ বলেন, রোববার রাতে ইব্রাহিম বাগানবাড়ি এলাকায় টিনের ছাউনির ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত একটার কিছু পরে গুলির শব্দে পরিবারের অন্য সদস্যরা তাঁর ঘরে আসেন। গুলিবিদ্ধ ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাঁ পাশে একটি গুলির ছিদ্র রয়েছে বলে সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পরিবারের সদস্যরা বলেন, স্থানীয় কয়েকজন সন্ত্রাসী টিনের ছাউনি ভেঙে ভেতরে ঢুকে ইব্রাহিমকে গুলি করে দরজা খুলে পালিয়ে যায়।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম বলেন, ইব্রাহিম পূর্ব জুরাইন এলাকায় মাদকের ব্যবসা করতেন। ধারণা করা হচ্ছে, মাদক ব্যবসায় আধিপত্যের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ ঘটনায় নিহত ইব্রাহিমের ভাই হারুন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করছেন।