ঘরে ঢুকে সবাইকে অচেতন করে চুরি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নে এক প্রবাসীর পরিবারের সাত নারী ও শিশু সদস্যকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে ঢুকে স্বর্ণালঙ্কার, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। গত শনিবার রাতে ইউনিয়নের জোড়আমতল ছড়ারকূল এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, শাহজাহান ও দেলোয়ার নামের দুই ভাই মধ্যপ্রাচ্যে থাকেন। গত শনিবার ওই বাড়িতে ছিলেন তাঁদের মা হালিমা বেগম, প্রবাসী দুই ভাইয়ের স্ত্রী শাহানারা ও শীলা আক্তার, বোন তাসলিমা আক্তার ও পরিবারের চার শিশু।
শাহানারার ভাই মো. মাসুদ বলেন, পরিবারের সদস্যরা রাত সাড়ে আটটার দিকে রাতের খাওয়া শেষ করেন। এরপর এক কক্ষে জড়ো হয়ে গল্পগুজব করার সময় সবার ঝিমুনি শুরু হয়। পরের ঘটনা আর কারও মনে নেই। রোববার সকালে ওই পরিবারের শিশুদের নিতে স্কুলের গাড়ি আসে। চালক তাঁদের ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে সবাইকে অচেতন দেখে ভাটিয়ারীর বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশন (বিএসবিএ) হাসপাতালে নিয়ে যান।
গতকাল রোববার সন্ধ্যায় বিএসবিএ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. সালাউদ্দিন বলেন, চেতনানাশক দিয়ে তাঁদের অচেতন করা হয়েছে বলে মনে হচ্ছে।
সীতাকুণ্ড থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বলেন, আলমারি ভেঙে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরিবারের সদস্যরা এখনো সুস্থ না হওয়ায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা নির্ধারণ করা যায়নি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, কীভাবে তাঁদের অচেতন করা হয়েছে তা এখনো জানা যায়নি।