
গাইবান্ধার সুন্দরগঞ্জে সরকারদলীয় সাংসদ মনজুরুল ইসলামকে (লিটন) ঘরে ঢুকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। গতকাল শনিবার সন্ধ্যায় সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ এ ঘটনায় জামায়াত অথবা উগ্রপন্থীদের সন্দেহ করছে।
মনজুরুল ইসলামের খুনিদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত রাতে এক শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ দেন। তিনি স্থানীয় জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানান।
রাত সাড়ে ১২টার দিকে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তিনি তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানাননি। জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে বলে তিনি জানান।
ঘটনার প্রত্যক্ষদর্শী সাংসদের শ্যালক বেদারুল আহসান প্রথম আলোকে বলেন, ‘সাংসদ চা খেয়ে বাসার ড্রয়িংরুমের সোফায় একা বসে ছিলেন। মাগরিবের আজানের সময় কালো রঙের দুটি টিভিএস মোটরসাইকেলে চারজন লোক এসে বাসার সামনে মোটরসাইকেল রাখে। তাদের মুখ মাফলার প্যাঁচানো ছিল। তারা সাংসদের সঙ্গে দেখা করতে চায়। সাংসদ ড্রয়িংরুমে (বসার ঘরে) আছে, এ কথা বলার পরে ওই চারজন সেখানে যায়। আমি বাসার অন্য একটি রুমে আমার বোনের সঙ্গে কথা বলছিলাম। দুই মিনিটের মধ্যে গুলির শব্দ পাই।’
বেদারুল আহসান বলেন, ‘সাংসদ চিৎকার করে বলতে থাকেন, “আমাকে গুলি করেছে, আমাকে বাঁচা, ওদেরকে ধর।” আমি দৌড়ে গিয়ে দেখি, সাংসদ মেঝেতে লুটিয়ে পড়েছে আর দুর্বৃত্তরা দ্রুত গুলি করতে করতে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল স্টার্ট দিয়ে পালিয়ে যায়।’
সাংসদ মনজুরুলকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান বিমল চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, সাংসদকে পাঁচটি গুলি করা হয়েছে। দুটি গুলি বুকে ও তিনটি গুলি লাগে বাঁ হাতের তালুতে। সাংসদের মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
এদিকে সাংসদ নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাঁর সমর্থকেরা বিক্ষুব্ধ হয়ে পড়েন। সাংসদের সমর্থকেরা সুন্দরগঞ্জ উপজেলা শহরে মিছিল বের করেন। কয়েক শ সমর্থক গাইবান্ধা-বামনডাঙ্গা-রংপুর সড়ক অবরোধ করেন। রাত সোয়া আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। এ ছাড়া গোবিন্দগঞ্জ উপজেলা সদরে মিছিল করেন স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা। রাত আটটার দিকে গাইবান্ধা জেলা শহরে মিছিল করে ছাত্রলীগ।
রাত আটটার দিকে কে বা কারা সুন্দরগঞ্জ উপজেলা সদরের কলেজ রোডে জামায়াতের সমর্থক গোফ্ফার মিয়ার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়।
সুন্দরগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম বলেন, ‘আমি ওই সময় সাংসদের সঙ্গে দেখা করার জন্য তাঁর বাসায় যাই। দেখি তিন-চারজন অজ্ঞাত ব্যক্তি হন্তদন্ত হয়ে দ্রুত বাসা থেকে বের হচ্ছে। এ সময় তারা আমাকেও গুলি করতে উদ্যত হয়। একপর্যায়ে গুলি ছুড়তে ছুড়তে তারা পালিয়ে যায়।’

গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামস-উল-আলম গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাদের সন্দেহ, জামায়াত অথবা উগ্রপন্থীরা এ ঘটনা ঘটাতে পারে। তবে সরেজমিনে তদন্ত ছাড়া কিছু বলা যাচ্ছে না।’ তিনি বলেন, আজ রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থলে যাবেন। এরপর কর্মসূচি ঘোষণা করা হবে।
এদিকে সাংসদ মনজুরুলকে ঘরে ঢুকে গুলি করে হত্যার ঘটনায় হতবাক হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। গত রাতেই আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসানকে গাইবান্ধায় পাঠানো হয়েছে। আজ রোববার বেলা ১১টায় ঢাকায় আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা ডাকা হয়েছে। সেখানে কেন্দ্রীয় কমিটির যেসব সদস্য ঢাকায় আছেন, তাঁদেরও অংশ নেওয়ার জন্য বলা হয়েছে।
প্রসঙ্গত, সুন্দরগঞ্জের শিশু শাহাদাত হোসেন সৌরভকে গুলি করে হত্যাচেষ্টার মামলার আসামি ছিলেন সাংসদ মনজুরুল। তিনি জামিনে ছিলেন।
শোক: রাষ্ট্রপতি আবদুল হামিদ সাংসদ মনজুরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি সাংসদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে এক শোকবার্তায় সাংসদের মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশে অরাজক পরিস্থিতি তৈরি করে স্বার্থ হাসিলের অপচেষ্টা চালাচ্ছে। হত্যা ও সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ আততায়ীর গুলিতে সাংসদ মনজুরুল ইসলামের নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তাঁরা সাংসদের রুহের মাহফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।