ঘরে ঢুকে ৪ জনকে কুপিয়ে জখম, আটক ১
মাদারীপুরে ঘরে ঢুকে নারীসহ চারজনকে কুপিয়ে জখম করেছেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি। গত রোববার রাত ১০টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের সাদবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত হিজবুল্লাহ মাতুব্বরকে আটক করেছে পুলিশ।
গুরুতর আহত ব্যক্তিরা হলেন সাদবাড়িয়া এলাকার আয়ুব খন্দকারের ছেলে মাহাবুব খন্দকার (১৮), শওকত শেখের ছেলে এনামুল শেখ (২০), সাহেব আলী খন্দকারের ছেলে পলাশ খন্দকার (৪২) ও তাঁর স্ত্রী বেবি বেগম (৩৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাতে সাদবাড়িয়া এলাকার বাসিন্দা পলাশ খন্দকারের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে একই এলাকার রহম মাতুব্বরের ছেলে মানসিক ভারসাম্যহীন হিজবুল্লাহ মাতুব্বর (৩৭)। কিছু বুঝে না উঠতেই পলাশ ও তাঁর স্ত্রী বেবি বেগমকে কুপিয়ে জখম করেন হিজবুল্লাহ। পরে তাঁদের চিৎকারে প্রতিবেশী মাহবুব ও এনামুল এগিয়ে এলে তাঁদেরও কুপিয়ে জখম করে পালিয়ে যান তিনি। গুরুতর অবস্থায় আহত ব্যক্তিদের প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হানিফ মিয়া বলেন, রাতে চারজন আহত ব্যক্তি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। তাঁদের পেটে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত থাকায় সবাইকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজৈর থানার উপপরিদর্শক (এসআই) মিথুন কুমার মণ্ডল বলেন, খবর পেয়ে অভিযুক্ত হিজবুল্লাহকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। হিজবুল্লাহ মাতুব্বর মানসিক ভারসাম্যহীন। তদন্ত করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।