ঘরে তালা দিয়ে দম্পতিকে পুড়িয়ে হত্যার চেষ্টা
মানিকগঞ্জ সদর উপজেলায় অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার ঘরের মূল দরজায় তালা লাগিয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে তাঁকে ও তাঁর স্ত্রীকে হত্যাচেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার ভোরে উপজেলার বড় সুরুন্ডী গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই দম্পতি হলেন ঢাকা রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক আবদুল গফুর (৬৮) এবং তাঁর স্ত্রী আমেনা বেগম (৬০)।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ওই দম্পতির এক ছেলে ও চার মেয়ে। মেয়েরা স্বামীর বাড়িতে ও ছেলে কর্মস্থল ঢাকায় থাকেন। আবদুল গফুর ও তাঁর স্ত্রীই শুধু বাড়িতে থাকেন। অন্য দিনের মতো শনিবার রাতে ওই দম্পতি নিজেদের চৌচালা টিনের ঘরে ঘুমিয়ে পড়েন। গতকাল ভোরের দিকে ঘরের বারান্দার গ্রিলের দরজায় বাইরে থেকে তালা দিয়ে বারান্দায় দাহ্য তরল পদার্থ ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। টের পেয়ে আবদুল গফুর চিৎকার করলে প্রতিবেশীরা এসে তালা ভেঙে স্বামী-স্ত্রীকে উদ্ধার করেন। তবে আগুনে ঘরের বেশ কিছু আসবাবসহ একটি মোটরসাইকেল পুড়ে যায়।