‘এমন কথা শুনলে তো আর মন মানে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে পাচার হওয়া তিন কিশোরী এক বছরের বেশি সময় ধরে বেঙ্গালুরুর সরকারি আশ্রয়কেন্দ্র ‘গভর্নমেন্ট চিলড্রেন হোম ফর গার্লস’–এ রয়েছে। এখনো তাদের ফিরিয়ে আনা সম্ভব হয়নি। ভালো বেতনের কাজের প্রলোভন দেখিয়ে দরিদ্র পরিবারের এই তিন কিশোরীকে ভারতে পাচার করে একটি চক্র। কিশোরীদের বিক্রি করে দেওয়ার চেষ্টা চালানো হয়। বিষয়টি বুঝতে পেরে কৌশলে পালিয়ে পুলিশের কাছে যায় তারা। এরপর থেকে বেঙ্গালুরুর সরকারি আশ্রয়কেন্দ্র তাদের ঠিকানা।

এই তিন কিশোরীর মধ্যে দুজনের বাড়ি ফরিদপুরে। একজনের মাদারীপুরে। কিশোরীদের দেশে ফেরানোর ব্যবস্থা করতে বাংলাদেশের আইন ও সালিস কেন্দ্রকে (আসক) ই–মেইল পাঠিয়েছে গভর্নমেন্ট চিলড্রেন হোম ফর গার্লস। সংস্থাটির পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তবে তাদের ঘরে ফেরার বিষয়টি এখনো ঝুলে আছে।

ফরিদপুর থেকে পাচার হওয়া দুই কিশোরীর বয়স ১৫ ও ১৬ বছর। তারা পূর্বপরিচিত। গত বছর ফেব্রুয়ারিতে প্রলোভনে পড়ে তারা একসঙ্গে ঘর ছাড়ে। পাচার চক্রের লোকজন তাদের প্রথমে কলকাতায় নিয়ে যায়। বাড়ি ছাড়ার তিন দিন পর ১৬ বছরের কিশোরীটি মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ করে বলে জানিয়েছেন তার মা। ওই কিশোরীর মা প্রথম আলোকে বলেন, ‘মেয়েটা বলল, আমাকে যখন বর্ডারে (সীমান্তে) নিয়ে আসছে, তখন বুঝতে পারছি। টাকার লোভ দেখিয়ে বড় চাকরি দেবে বলেছিল। পারলারের দোকানে কাজে নিয়ে যাওয়ার কথাও বলেছিল। বর্ডারে এসে কান্না করছি যে যাব না। পরে জোর করে নিয়ে আসছে।’

ওই কিশোরীর মা আরও বলেন, ভারত থেকে স্বপ্না নামের একজন নারী ফোন দিয়ে বলেছিলেন মেয়ে তাঁদের কাছে আছে। ভালো আছে। ভারতে যাওয়ার আগে একজন মেয়েটির ছবি পাঠিয়েছিল বাংলাদেশ থেকে। ছবিতে মেয়েটিকে প্রাপ্তবয়স্ক দেখাচ্ছিল। কিন্তু বাস্তবে সে কিশোরী। তাই তাকে দেশে পাঠিয়ে দেবে।

পরদিন ওই কিশোরীর মা স্বপ্নার কাছ থেকে আবার ফোন পান। স্বপ্না কিশোরীর মায়ের কাছে দাবি করেন, সবুজ নামের এক ব্যক্তি তাঁর কাছ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। তাঁর মেয়েকে ফেরত পেতে হলে ওই টাকা দিতে হবে। তখন ওই কিশোরীর মা বলেন, ‘গরিব মানুষ, টাকা কীভাবে দেব?’

ওই কিশোরী পরে তার মাকে বলেছে, কলকাতায় আসার কয়েক দিন পরে তাকে গাড়িতে করে অন্য কোথাও নেওয়া হয়। পরে পথে পুলিশের গাড়ি দেখে তারা কয়েকজন দৌড়ে তাদের কাছে যায়। পরে ওই কিশোরীদের পুলিশ বেঙ্গালুরুর সরকারি আশ্রয়কেন্দ্রে নিয়ে যায়। সেখান থেকে মুঠোফোনে পরিবারের সঙ্গে যোগাযোগ হয় ওই কিশোরীদের।

১৬ বছর বয়সী ওই কিশোরীর মা বলেন, ‘মেয়ে পাচার হয়ে যাওয়ার এক বছর হয়ে গেছে। তারা কান্নাকাটি করে তাদের নিয়ে আসতে বলে। এমন কথা শুনলে তো আর মন মানে না। বলেছি ধৈর্য ধরো।’

আরও পড়ুন

ওই কিশোরীর বাবা সম্প্রতি বেঙ্গালুরুর ওই আশ্রয়কেন্দ্র থেকে ঘুরে এসেছেন। সেখানে ১১ দিন থেকেছেন। মেয়ের সঙ্গে পাঁচ দিন দেখা করতে পেরেছেন। ওই আশ্রয়কেন্দ্র থেকে তাদের দ্রুত ফেরত পাঠানোর আশ্বাস দেওয়া হয়। বেসরকারি মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রে কিশোরীদের প্রাতিষ্ঠানিক সনদ, পরিচয়পত্র চেয়েছে বলে জানান ওই কিশোরীর বাবা।

আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জ্যেষ্ঠ সমন্বয়কারী আবু আহমেদ ফয়জুল কবির প্রথম আলোকে বলেন, ‘ভারতের আশ্রয়কেন্দ্রটি থেকে যোগাযোগ করেছে। আসক এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছে।’

এ ঘটনায় ফরিদপুর থানায় একটি মামলাও করেছিলেন কিশোরীর অভিভাবকেরা। এ মামলায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুজনই এখন জামিনে মুক্ত। এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘এমন কোনো ঘটনা এ মুহূর্তে মনে নেই।’

বাংলাদেশ থেকে সেই দলের সঙ্গেই পাচার হয়েছিল মাদারীপুরের ১৭ বছর বয়সী আরেক কিশোরী। পরিবারে এক ভাই ও এক বোনের মধ্যে সবচেয়ে ছোট সে।

ওই কিশোরীর বড় বোন প্রথম আলোকে বলেন, ‘২০২০ সালের ডিসেম্বরে বাসা থেকে সে অটোরিকশায় করে খালার বাসায় যাওয়ার পথে দুই নারীর সঙ্গে পরিচয় হয়। এ ঘটনার পরদিন বাসা ছেড়ে যায় তার বোন। নিজে উপার্জন করে চলার ঝোঁক ছিল তার। নাচের আগ্রহ ছিল বলে একে পেশা হিসেবে নিতে চাইত। ভারতে গেলে সে নাচ শিখতে পারবে বলে পাচারকারীর প্রলোভনে পা দেয়।’

কিশোরীর বড় বোন আরও বলেন, ভারতে যাওয়ার পথে তার বোন মায়ের সঙ্গে যোগাযোগ করে। তখন ভারতে যেতে নিষেধ করলেও কথা শোনেনি। পরে ফোন করে জানায়, সে একটি পারলারে আছে। এরপর থেকে ফোন বন্ধ ছিল। পরে তাঁকে আবার ফোন করে ওই কিশোরী। ফোন দিয়ে বলে, ‘পুলিশের কাছে ধরা দিয়েছি। আসলে তাদের (পাচারকারীদের) উদ্দেশ্য ভালো ছিল না।’

ওই কিশোরীকে দেশে ফেরত আনতে একটি বেসরকারি সংস্থা (এনজিও), নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, পুলিশের সিআইডি থেকে ফোন আসে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তথ্যও নিয়ে যান। এমনকি মাদারীপুর থানায় জিডিও করা হয়। কিন্তু শিশুটিকে আনার কার্যক্রম কত দূর, তা কেউ জানে না।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, শিশুটিকে ফিরিয়ে আনতে তাঁরা পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

এ সম্পর্কে জানতে পুলিশ সদর দপ্তরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি প্রথম আলোকে বলেন, পাচার হয়ে সীমান্তের বাইরে চলে গেলে তখন তা পররাষ্ট্র মন্ত্রণালয়ে অধীনে চলে যায়। পররাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে কাজ করছে, ফিরিয়ে আনার বিষয়টি সে প্রক্রিয়ার ওপর নির্ভর করে।

এ বিষয়ে জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজার সঙ্গে মুঠোফোন নম্বরে ফোন করা হয়, বার্তাও পাঠানো হয়। তবে তিনি কোনো সাড়া দেননি।