ঘরে হত্যার পর লাশ টেনে নিয়ে গেলেন খড়ের গাদায়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের সদর উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী রেজাউল করিমকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী ছেলের বরাত দিয়ে পুলিশ বলছে, ঘরে হত্যা করার পর লাশ টেনে খড়ের গাদার পাশে নিয়ে গিয়ে ফেলে রাখেন রেজাউল।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

পুলিশ ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রোববার গভীর রাতে বাড়ির শয়নকক্ষে রেজাউল তাঁর স্ত্রী বেনুয়ারা বেগমকে (৩৫) বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। হত্যার পর তাঁর লাশ টেনে নিয়ে গিয়ে খড়ের গাদার কাছে রেখে দেয়। ঘরে মায়ের সঙ্গে থাকা সাত বছরের শিশু রাহুল বিষয়টি দেখে ফেলে। রাহুল পুলিশের কাছে সে বর্ণনাও দিয়েছে। পুলিশ বাড়ি থেকে রেজাউলকে আটক করে।

নিহত বেনুয়ারা বেগমের বড় বোন জায়দা বেগম অভিযোগ করেন, রেজাউলের সঙ্গে প্রায় ২২ বছর আগে বিয়ে হয় বেনুয়ারার। বিয়ের পর থেকেই বেনুয়ারাকে মারপিট করতেন রেজাউল। এ নিয়ে বিভিন্ন সময়ে সালিস হয়েছে। দুই মাস আগেও প্রচণ্ড মারপিটে বেনুয়ারা অসুস্থ হয়ে পড়লে তাঁকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে সালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা হয়।

জয়পুরহাট সদর থানার উপরিদর্শক (এসআই) মো. রায়হান জানান, এ ঘটনায় বেনুয়ারার ছোট বোন ছানোয়ারা বেগম বাদী হয়ে সদর থানায় রেজাউলকে আসামি করে হত্যা মামলা করেছেন। তিনি আরও জানান, বালিশ চাপা দিয়ে বেনুয়ারাকে হত্যা করে লাশ বাড়ির বাইরে খড়ের গাদার কাছে নিয়ে গিয়ে রাখার ঘটনার প্রত্যক্ষদর্শী তাঁর শিশুপুত্র রাহুল। সে পুলিশের কাছে ঘটনার বর্ণনা দিয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন পেলে কীভাবে হত্যা করা হয়েছে, সে বিষয়ে আরও পরিষ্কার হওয়া যাবে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল পুলিশের সঙ্গে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠিয়েছেন।