
দীর্ঘদিন ধরে চট্টগ্রামে রেলের জায়গা দখলে রেখেছিলেন রেলেরই এক কর্মকর্তা। অবশেষে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেই জায়গা দখলমুক্ত করেছেন।
অবৈধ দখলে থাকা রেলের জায়গা উদ্ধারে গতকাল বৃহস্পতিবার দিনভর চট্টগ্রামের সিআরবিতে রেলওয়ের পূর্বাঞ্চলের সদর দপ্তর এবং এর আশপাশের এলাকায় অভিযান চালানো হয়। এতে প্রায় এক একর জায়গা দখলমুক্ত করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান। এতে ৯০ পুলিশ ও রেলের ২০ নিরাপত্তাকর্মী অংশ নেন।
রেলওয়ে পূর্বাঞ্চলের ভূসম্পদ কর্মকর্তা মো. জসিমউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘রেলের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে গুদাম হিসেবে ভাড়া দিয়েছিলেন স্বয়ং রেলের এক কর্মকর্তা। আমরা ওই কর্মকর্তার কাছ থেকে প্রায় ৩০ শতক জায়গা উদ্ধার করেছি। গুদামটির পাশেই ছিল ওই কর্মকর্তার বাংলো।’
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ডেপুটি ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার জামাল উদ্দীন দীর্ঘদিন ধরে রেলের প্রায় ৩০ শতক জায়গা নিজের দখলে রেখেছিলেন। এই জায়গা টাইলস ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে ভাড়া দিয়েছিলেন তিনি। তাঁকে রেল কর্তৃপক্ষ বারবার চিঠি দেওয়ার পর টাইলসের গুদাম সরানোর ব্যবস্থা করেননি তিনি। গতকাল ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সেই গুদামটি গুঁড়িয়ে দেন।
তবে রেলের জায়গা দখল করে গুদাম ভাড়া দেওয়ার বিষয়ে চেষ্টা করেও জামাল উদ্দীনের বক্তব্য পাওয়া যায়নি।
ভ্রাম্যমাণ আদালত সিআরবি-সংলগ্ন গোয়ালপাড়ায় রেলের জায়গা থেকে আরও ২০-২২টি দোকান উচ্ছেদ করেন। দীর্ঘদিন ধরে ওই জায়গা ক্ষুদ্র ব্যবসায়ীদের দখলে ছিল। ওই ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁদের কাছ থেকে রাজনৈতিক নেতা ও ক্যাডাররা ভাড়া আদায় করতেন।
ম্যাজিস্ট্রেট রাকিব হাসান প্রথম আলোকে বলেন, অভিযান চালানোর আগে অবৈধ দখলদারদের দফায় দফায় চিঠি দেওয়া হয়। দখলদারেরা মালামাল সরিয়ে নেননি। রেলের জায়গা থেকেও সরে যাননি। আইনের সব প্রক্রিয়া শেষ করে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দখলদারদের উচ্ছেদ করেন।