ঘরের ভেতর শিশুর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরে গতকাল সোমবার ঘরের ভেতর থেকে ইসমাইল (৫) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ শিশুটির মা-বাবাকে আটক করেছে।
মাধবপুর থানা সূত্রে জানা গেছে, পৌর এলাকার অধিবাসী রজব আলী তাঁর সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না উল্লেখ করে ২৬ মার্চ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এদিকে, দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় এলাকাবাসীর ধারণা হয়, নিখোঁজ শিশুটির লাশ আশপাশের কোথাও আছে। তাই তাঁরা গতকাল বিষয়টি মাধবপুর থানায় জানালে বেলা একটার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ রজব আলীর বসতঘরের ভেতর চকির ওপর একটি ধানের গোলার নিচে মাটি দিয়ে আধা চাপা দেওয়া একটি লাশ দেখতে পায়। লাশটি উদ্ধার করে মাধবপুর থানায় নিয়ে আসে। শিশুটির মা-বাবাকেও আটক করে পুলিশ।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, লাশের ধরন দেখে মনে হয়, শিশুটিকে হত্যা করা হয়েছে। তার মা-বাবার কথাবার্তা অসংলগ্ন। তাই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।