ঘরের ভেতর ৩৮ হাজার ইয়াবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে একটি ঘর থেকে আজ বুধবার রাতে ৩৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।


টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আজ রাত নয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা গ্রামের বাসিন্দা হামিদ হোসাইন ওরফে দালাল হামিদের বাড়ির একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ উদ্ধার করা হয়। ওই ব্যাগের ভেতরে ৩৮ হাজার ইয়াবা ছিল।

ওসি বলেন, ধারণা করা হচ্ছে যে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ঘরের বাসিন্দারা পালিয়ে গেছেন। তাই কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য সোয়া এক কোটি টাকা। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

টেকনাফ থানার পুলিশ জানায়, যে ঘর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়েছে, তাদের বাসিন্দারা ইয়াবা পরিবার হিসেবে এলাকায় চিহ্নিত। ওই পরিবারের গৃহকর্তা হামিদ হোসাইন ও তাঁর তিন ছেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। ইয়াবা ব্যবসার অভিযোগে তাঁদের বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, ফেনীসহ ঢাকার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।