ঘরের মাটি খুঁড়ে শিশুর লাশ উদ্ধার, বাবা আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় আজ শনিবার দুপুরে ঘরের মাটি খুঁড়ে মো. ইমরান নামের চার বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটিকে হত্যার অভিযোগে পুলিশ তার বাবাকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার জুনাইল গ্রামের রিকশাচালক কাশেম মিয়ার সন্তান ইমরান। কাশেম মাদকাসক্ত। এ জন্য সাংসারিক কাজে তাঁর মনোযোগ ছিল না। এর ফলে সংসারে অভাব লেগে ছিল। এ কারণে কিছুদিন আগে স্ত্রী পারভীন বেগম মেয়েকে নিয়ে ঢাকায় চলে যান। অন্যদিকে শিশু ইমরান পাশের কুমড়ী গ্রামে তার নানার বাড়িতে থাকা শুরু করে। গত বৃহস্পতিবার কাশেম মিয়া শ্বশুরবাড়ি যান। ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলে তিনি ইমরানকে সেখান থেকে নিয়ে চলে আসেন। এর পর থেকে ইমরানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। ওই দিকে কাশেমও ইমরানকে নিয়ে ঢাকায় যাননি। এতে ইমরানের নানার বাড়ির লোকজনের সন্দেহ হয়। আজ শনিবার দুপুরে ইমরানের নানা সুলতান মিয়া ইমরানকে খুঁজতে জুনাইল গ্রামে যান। সেখানে একটি পরিত্যক্ত ঘরে দুর্গন্ধ পান তিনি। এরপর তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে ঘরের মাটি খুঁড়ে ইমরানের লাশ উদ্ধার করে। পরে পুলিশ শিশুটির বাবা কাশেমকে আটক করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে, বাবাই তাঁর সন্তানকে হত্যা করেছেন। তবে হত্যার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কাশেমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ইমরানের লাশ কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।