ঘরের মেঝে খুঁড়ে পাওয়া গেল লাশ!

মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে নিখোঁজের ১২ দিন পর আজ সোমবার ঢাকার আশুলিয়া থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যার পর তাঁকে ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক নারীসহ দুজনকে আটক করেছে।
নিহত ব্যক্তির নাম আফজাল হোসেন (৪০)। তাঁর বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজদ্যা গ্রামে। তিনি একই জেলার ঘিওর উপজেলার বানিয়াজুড়িতে এক আত্মীয়র রাইস মিলে কাজ করতেন।
ঘিওর থানা-পুলিশ জানায়, বছর খানেক আগে দ্বীপা বিশ্বাস নামে এক গৃহবধূর সঙ্গে আফজালের সম্পর্ক গড়ে ওঠে। দ্বীপার বাসা ছিল বানিয়াজুড়ি এলাকায়। বিষয়টি ফাঁস হওয়ায় মাস খানেক আগে দ্বীপার স্বামী তাঁকে নিয়ে আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়ায় চলে যান। এর কয়েক দিন পর ১৪ নভেম্বর আফজাল নিখোঁজ হন। তাঁকে না পেয়ে তাঁর খালাতো ভাই মিল মালিক আলম বিশ্বাস ১৭ নভেম্বর ঘিওর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর আশুলিয়ার শিমুলিয়া ঋষিপাড়া থেকে আজ আফজালের লাশ উদ্ধার করে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ রানা বলেন, জিডির সূত্র ধরে সোমবার সকালে শিমুলিয়া ঋষিপাড়া থেকে দ্বীপাকে আটক করা হয়। দ্বীপার দেওয়া তথ্য অনুযায়ী সঞ্জিৎ দাস নামে তাঁর এক আত্মীয়কে আটক করা হয়। সঞ্জিতের দেওয়া তথ্য অনুযায়ী তাঁর শোয়ার ঘরের মেঝে খুঁড়ে আফজালের লাশ উদ্ধার করা হয়।
দ্বীপার উদ্ধৃতি দিয়ে এসআই মাসুদ রানা আরও বলেন, আশুলিয়া আসার পর আফজাল ও দ্বীপার সম্পর্কের বিষয়টি জানতে পারেন সঞ্জিৎ। সঞ্জিৎ বিষয়টি জানার পর আফজালের মুঠোফোনে কল করে হুমকি দেন। আফজাল তাতে পাত্তা না দেওয়ায় সঞ্জিৎ তাঁকে হত্যার পরিকল্পনা করেন। সঞ্জিতের কথামতো দ্বীপা আফজালের মুঠোফোনে কল করে তাঁকে শিমুলিয়ায় তাঁদের বাসায় আসতে বলেন। সে অনুযায়ী আফজাল ১৪ নভেম্বর রাতে শিমুলিয়া এলে তাঁকে সঞ্জিতের ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বীপার সহযোগিতায় সঞ্জিৎ তাঁর ঘরের ভেতরে আফজালকে শ্বাসরোধে হত্যা করেন। পরে মেঝে খুঁড়ে লাশ পুঁতে রাখেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দ্বীপা ও সঞ্জিৎ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।