ঘরের মেঝেতে স্ত্রীর লাশ, স্বামী পলাতক
সকাল থেকে দুপুর পর্যন্ত স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। দুপুরের পর থেকে ঘর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না। প্রতিবেশীরা ঘরে ঢোকে দেখেন মেঝেতে স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ সেখানে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সিলেটের দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শাহেনা বেগম (৩০)। তিনি দক্ষিণ সুরমার নজির বাজারের রাজপুত গ্রামের ওয়াজিত আলীর ছেলে মনির হোসেনের স্ত্রী।
পুলিশ ও প্রতিবেশীদের ধারণা, ঝগড়ার একপর্যায়ে স্ত্রীকে কুপিয়ে পালিয়ে গেছেন মনির। লাশ উদ্ধার করার সময় ঘরের মেঝে থেকে একটি ছোরাও উদ্ধার করে পুলিশ।
প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, মনির হোসেন প্রায় আট বছর আগে খালাতো বোন লাউয়াই এলাকার মোতাসির হোসেনের মেয়ে শাহেনাকে বিয়ে করে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে থাকতেন মনির। শাহেনা স্থানীয় এক দরজির দোকানে কাজ করতেন। তাঁদের পাঁচ বছর বয়সী একটি কন্যাশিশু রয়েছে। গতকাল সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হয়। এর জের ধরে হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে মনির পলাতক রয়েছেন। শাহেনার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালের মর্গে পাঠানো হয়েছে।