ঘাঘটের মাটি লুট, ঝুঁকিতে সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা সেতুর পাশ ঘেঁষে ঘাঘট নদ থেকে প্রতিদিন মাটি কাটা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
রংপুর নগরের ৩২ নম্বর ওয়ার্ডের রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা সেতুর পাশ ঘেঁষে ঘাঘট নদ থেকে প্রতিদিন মাটি কাটা হচ্ছে। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

আইন লঙ্ঘন করে রংপুর নগরের দমদমা সেতুর পাশের ঘাঘট নদ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার কাজ অব্যাহত রয়েছে। প্রতিদিন আনুমানিক ৩০ ট্রাক মাটি কেটে নিয়ে যাচ্ছেন আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ী। এতে ওই এলাকায় নদীভাঙনের কারণে বসতঘর ও ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা করছে স্থানীয় লোকজন। এ ছাড়া সেতুও হুমকির মুখে পড়েছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নগরের ৩২ নম্বর ওয়ার্ডের তামপাট এলাকার বিশ্বরোড-সংলগ্ন দমদমা সেতুর প্রায় ১০০ গজ পশ্চিমে ঘাঘট নদের মাটি কেটে ট্রাকে তোলা হচ্ছে। ট্রাক চলাচলের জন্য সেতুর নিচ দিয়ে একটি কাঁচা রাস্তা করা হয়েছে। নদ থেকে মাটি কেটে তিনটি ট্রাকে তোলেন শ্রমিকেরা। এরপর এসব ট্রাক নিয়ে সেতুর নিচের রাস্তা দিয়ে প্রধান সড়কে উঠতে দেখা যায়।
বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০-এর চার নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, বিপণনের উদ্দেশে কোনো উন্মুক্ত স্থান, চা- বাগানের ছড়া বা নদীর তলদেশ থেকে বালু বা মাটি উত্তোলন করা যাবে না। এই ধারার খ উপধারায় উল্লেখ করা হয়েছে, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে সর্বনিম্ন এক কিলোমিটার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সীমানার মধ্যে বালু ও মাটি তোলা নিষিদ্ধ। অথচ এই আইন না মেনে দমদমা সেতুর খুব কাছ থেকেই মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, তিন মাস আগে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করা হলে এখান থেকে মাটি কেটে নেওয়ার কাজ বন্ধ করা হয়। কিন্তু কিছুদিন বন্ধ থাকার পর ১৫ দিন ধরে আবারও মাটি কাটা শুরু হয়। এর আগেও গত বছর শীত মৌসুমে এ স্থান থেকে বালু তোলা ও মাটি কাটা হচ্ছিল। ওই সময় এ নিয়ে প্রথম আলোয় প্রতিবেদনও ছাপা হয়। প্রতিবেদন ছাপানোর পর কিছুদিন বালু তোলা ও মাটি কাটা বন্ধ ছিল।
এলাকাবাসী জানায়, প্রতিটি ট্রাকে ২০০ ঘনফুট মাটি কেটে তোলা হয়। প্রতি ট্রাক মাটি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। এতে ওই মাটি ব্যবসায়ী প্রতিদিন ৩০ ট্রাক মাটি বিক্রি করে অনেক টাকা আয় করেন।
মাটি ও বালু ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের নিজেদের জমি থেকে আমরা মাটি কাটছি। নদীর ভাঙনে আমাদের অনেক জমিও নদীত ভাঙি গেইছে। তাই এখান থেকে মাটি কেটে ব্যবসা করছি।’
রংপুর সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেম বলেন, ‘বিষয়টি জেনেছি। তবে এ ব্যাপারে আমাদের তেমন কিছু করণীয় নেই।’
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিলুফা সুলতানা বলেন, ‘এখানে কিছুদিন আগে একবার মাটি কাটা ও বালু বন্ধ করেছি। খুব শিগগির আবারও ব্যবস্থা গ্রহণ করা হবে।’