ঘাট ইজারা দিলেন প্রভাবশালীরা
সরকারি না হওয়ার পরও কিশোরগঞ্জের তাড়াইল ও ইটনা উপজেলার দুটি খেয়াঘাট স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ইজারা দিয়েছেন। এতে করে নৌকাভাড়া বেড়ে গেছে কয়েক গুণ।
৩ সেপ্টেম্বর সরেজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াইলের জাওয়ার ইউনিয়নের পূর্বজাওয়ার এবং ইটনার রায়টুটী ইউনিয়নের রাজী গ্রামের হিজলজানী খেয়াঘাট দিয়ে বর্ষাকালে দুই এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। পূর্বজাওয়ার থেকে রাজী গ্রাম পর্যন্ত পাকা সড়ক থাকলেও বর্ষাকালে তা পানির নিচে ডুবে থাকে। সড়কটি ঘেঁষে রয়েছে দুই কিলোমিটার বিস্তৃত হিজলজানী হাওর। বর্ষাকালে ওই দুই এলাকার মানুষের যাতায়াতের একমাত্র বাহন ইঞ্জিনচালিত নৌকা (ট্রলার)। পথটি দিয়ে প্রতিদিন তাড়াইল, ইটনা এবং মদন উপজেলার দুই হাজারের বেশি লোক যাতায়াত করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি দুই উপজেলার ওই দুটি গ্রামের প্রায় ২০ জন লোক পৃথকভাবে দুই পাড়ের খেয়াঘাট ইজারা দেন। পূর্বজাওয়ার অংশে আড়াই লাখ টাকা ডাকে খেয়াঘাটের ইজারা পান ওই গ্রামের আলম মিয়া। এখানে ইজারা কার্যক্রমের নেতৃত্ব দেন ওই গ্রামের আবুল হাসেম ভূঁইয়া নামের এক ব্যক্তি। একই সময়ে রাজী গ্রামের অংশে এক লাখ ২০ হাজার টাকায় খেয়াঘাটের ইজারা নেন ওই গ্রামের মজু মিয়া। এই অংশে ইজারায় নেতৃত্ব দেন রাজী গ্রামের কাজল মিয়াসহ ৮-১০ জন প্রভাবশালী ব্যক্তি।
এলাকাবাসী জানান, ঘাটটি ইজারা দেওয়ার পর থেকে নৌকাভাড়া বেড়েছে কয়েক গুণ। ঘাট দুটি ইজারা দেওয়ার আগে নৌকা পারাপারে জনপ্রতি পাঁচ টাকা, প্রতি মোটরসাইকেল ১০ টাকা, রিকশা আট টাকা, ছাগল ১৫ টাকা ও গরু ৩০ টাকা করে নেওয়া হতো। এখন জনপ্রতি ১০ টাকা, প্রতি মোটরসাইকেল ৫০ টাকা, রিকশা ৪০ টাকা, ছাগল ৩০ টাকা ও গরুপ্রতি ১০০ টাকা করে নেওয়া হচ্ছে। রাত আটটা পর্যন্ত এই হারে ভাড়া নেওয়া হচ্ছে। রাত আটটার পর জনপ্রতি ২০০ টাকা, প্রতি সাইকেল ২৫০ টাকা, মোটরসাইকেল ৩০০ টাকা, ছাগল ২০০ টাকা ও গরুপ্রতি ৪০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে। এ ছাড়া অন্যান্য মালামাল পরিবহনে ইচ্ছেমতো ভাড়া আদায় করা হচ্ছে।
ইটনা উপজেলার রায়টুটী ইউনিয়নের শান্তিপুর গ্রামের কাজল মিয়া (৩০) বলেন, ঘাট ইজারা হয়ে যাওয়ার পর খেসারত দিতে হচ্ছে যাত্রীদের। গরু-ছাগলসহ অন্যান্য মালামালের ক্ষেত্রে ভাড়া বেড়েছে লাগামহীনভাবে।
সরেজমিনে ৩ সেপ্টেম্বর দুপুরে হিজলজানী ঘাটে গিয়ে দেখা গেছে, মোট ১৪টি ইঞ্জিনচালিত নৌকা দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে। সেখানে ইজারা পাওয়া ব্যক্তির লোকজন যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করছেন। পূর্বজাওয়ার অংশে গিয়ে দেখা গেছে, খেয়াঘাটের ইজারাদার আলম মিয়ার ছেলে সাগর মিয়া (২৫) ঘাটে বসে টাকা আদায় করছেন। তিনি বলেন, ‘গ্রামের লোকজন মিলে মসজিদ-মাদ্রাসার উন্নয়নে এই ঘাট খোলা ডাকে ইজারা দিয়েছেন। আমার বাবা আড়াই লাখ টাকা দিয়ে ঘাট ইজারা নিয়েছে।’
আবুল হাসেম ভূঁইয়া বলেন, ‘আমরা মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য ঘাটের ডাক দিয়েছি।’ জাওয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আখলাকুল ইসলাম বলেন, গ্রামের কিছু লোক মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য ঘাটের ইজারা দিয়েছেন বলে তিনি শুনেছেন।
হিজলজানী ঘাটের ইজারাদার মজু মিয়া বলেন, ‘কাজল মিয়াসহ গ্রামের কয়েকজন ঘাট ইজারা দিয়েছেন। আমরা এক লাখ ২০ হাজার টাকায় ইজারা নিয়েছি।’ রায়টুটী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বাক্কী মিল্কী বলেন, ‘ঘাটটি অবৈধভাবে ইজারা দেওয়ায় কতিপয় ব্যক্তি লাভবান হওয়ার পাশাপাশি যাত্রীসাধারণের হয়রানি বেড়ে গেছে। আমি বিষয়টি ইটনা উপজেলা পরিষদের সমন্বয় সভায় উপস্থাপন করেছি। এ ঘাটটি সরকারিভাবে ইজারা দেওয়া জরুরি।’
উভয় ঘাটের নৌকার কয়েকজন মাঝি নাম প্রকাশ না করার শর্তে জানান, আগে ভাড়া কম ছিল। ডাক হওয়ার পর থেকে ভাড়া অনেক বেড়েছে।
তাড়াইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আকতার বলেন, এভাবে কেউ কোনো ঘাট ইজারা দিতে পারে না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখবেন। ইটনার ইউএনও মো. আবদুল্লাহ বলেন, ‘আমি এখানে নতুন যোগদান করেছি। এভাবে কেউ ঘাট ইজারা দিতে পারে না। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’