ঘাট ও কৃষিজমির মাটি কেটে বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটসহ কয়েকটি স্থানের কৃষিজমির মাটি খননযন্ত্র (এক্সকাভেটর) দিয়ে কেটে ইটভাটায় নেওয়া হচ্ছে। বসতবাড়ির গর্ত ভরাটের জন্যও এসব মাটি নেওয়া হচ্ছে।
সরেজমিনে জানা গেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তিন-চারটি খননযন্ত্র দিয়ে মাটি কাটছেন। দৌলতদিয়া ক্যানালঘাটের পূর্ব দিকে মরা পদ্মা নদীর ওপর মাটির ট্রাক আসা-যাওয়ার জন্য রাস্তা করা হয়েছে। এ রাস্তা দিয়ে মাটি ট্রাকে করে গোয়ালন্দ, রাজবাড়ী সদরের ইটভাটাসহ বিভিন্ন বসতবাড়ির গর্ত ভরাটের জন্য নেওয়া হচ্ছে। এ ছাড়া ১ নম্বর ফেরিঘাট এলাকাতে মাটি কাটা হয়েছে। এখন বাহিরচর দৌলতদিয়ায় মাটি কাটা হচ্ছে।
ক্যানালঘাটে খননযন্ত্র পরিচালনাকারী সালাম পেয়াদা জানান, তাঁর একটিসহ স্থানীয় শিবলু ও আরেকজনের একটি করে মোট তিনটি খননযন্ত্র দিয়ে প্রতিদিন ২৫-৩০ ট্রাক মাটি কাটা হচ্ছে। এসব মাটি উপজেলা সদর ছাড়াও রাজবাড়ীর খানখানাপুর, গোয়ালন্দ মোড়, আহ্লাদিপুর এলাকার ইটভাটায় নেওয়া হয়। বসতভিটার গর্ত ভরাটের জন্যও নেওয়া হয়। ট্রাকচালক জালাল পত্তনদার জানান, প্রতিদিন তিনি ১০ থেকে ১২ ট্রাক মাটি টানেন।
খননযন্ত্র পরিচালনাকারী সিরাজ শেখ নামের আরেকজন জানান, দেড় মাসের বেশি সময় ধরে তিনি কাজ করছেন। ফরিদপুর থেকে তাঁর খননযন্ত্র ভাড়া করে এনেছেন স্থানীয় বাবু বেপারী ও ছাত্তার মণ্ডল। প্রতিদিন ভাড়া বাবদ মহাজনকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়। কাছে-কিনারে মাটি ফেললে একটি খননযন্ত্র দিয়ে প্রতিদিন গড়ে ৪০-৫০ ট্রাক মাটি কাটা সম্ভব। উপরিভাগের মাটি কাটা প্রসঙ্গে তিনি বলেন, ‘এতে কিছু ক্ষতি তো হয়। কিন্তু কী করার আছে। আমাদের ভাড়া করে এনেছে, তাই কাটছি।’
>স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তিন-চারটি খননযন্ত্র দিয়ে মাটি কাটছেন। দৌলতদিয়া ক্যানালঘাটের পূর্ব দিকে মরা পদ্মা নদীর ওপর মাটির ট্রাক আসা-যাওয়ার জন্য রাস্তা করা হয়েছে
ক্যানালঘাট এলাকার একটি জমির মালিক দাবিদার লুৎফর মণ্ডল বলেন, ‘এটা আমাদের পৈতৃক সম্পত্তি। ধান লাগাব বলে কিছু কেটে জমি সমান করছি।’ আশপাশের বড় ডোবার মতো বেশ কয়েকটি গর্তের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ফসল ভালো হয় না বলে কিছু মাটি বিক্রি করছি। বর্ষা এলে আবার এই গর্ত ভরাট হয়ে যাবে। কিছু টাকাও পাওয়া যাবে।’
বাবু বেপারী বলেন, ‘এলাকায় আমাদের নিজস্ব জমি রয়েছে। পাশাপাশি এলাকার অনেক জমির মালিক ভালো ফসল হয় না বলে মাটি বিক্রি করে দিচ্ছেন। এতে তাঁরা টাকাও পাচ্ছেন। এ ছাড়া আমরা সরকারি জায়গা থেকে কোনো মাটি কাটছি না।’ ছাত্তার মণ্ডলও একই ধরনের কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ বলেন, ‘এর আগে সার্ভেয়ার পাঠিয়েছিলাম। মাপজোখ শেষে তিনি সীমানা নির্ধারণ করে দিয়েছেন যাতে সরকারি জায়গা থেকে মাটি কাটা না হয়। বর্তমানে কাটছে কি না, জানি না। আর ফসলি জমির ওপরের অংশ কাটা ঠিক না। এতে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়। মাটি কাটায় কারও কোনো ক্ষতি হতে পারে—এমন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’