ঘাটাইলে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম, প্রতিবাদে সমাবেশ
টাঙ্গাইলের ঘাটাইল জিবিজি কলেজ ছাত্র সংসদের ভিপি ছাত্রলীগের নেতা আবু সাঈদ ওরফে রুবেলকে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল সন্ত্রাসী। গত বুধবার রাতে কলেজের কাছে এই ঘটনা ঘটে।
ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ এই হামলার জন্য স্থানীয় সাংসদ আমানুর রহমান খান রানার অনুসারীদের দায়ী করেছেন। তাঁরা এই ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ঘাটাইল সদর এলাকা এক ঘণ্টা অবরোধ করে রাখেন। একই ঘটনার প্রতিবাদে সকালে টাঙ্গাইলে ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ঘাটাইল থানার ওসি কামাল হোসেন বলেন, বুধবার রাতে ঘাটাইল জিবিজি কলেজ মাঠে চান্দশি যুবসমাজের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। মাহফিল শেষে রাত সাড়ে ১২টার দিকে কলেজের ভিপি ও ওই কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ (২৫) মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় ঘাটাইল কলেজের সামনে একদল সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা ধারালো অস্ত্র দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থান কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।