ঘাস কাটাকে কেন্দ্র করে হামলা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ সদর উপজেলায় গতকাল বুধবার শাবলের আঘাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম নবী হোসেন (২৮)। আটক হওয়া ব্যক্তি হলেন ছিদ্দিক মিয়া (৫০)। তাঁদের বাড়ি কুতখাইল এলাকায়।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুতখাইল এলাকায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে গত মঙ্গলবার বিকেলে একই এলাকার দুলাল মিয়ার সঙ্গে প্রতিবেশী ছিদ্দিক ও তাঁর ভাই চুন্নু মিয়ার ঝগড়া হয়। এ সময় দুলালকে মারধর করেন ছিদ্দিক ও চুন্নু। গতকাল বিকেল চারটার দিকে দুলালের ছেলে নবী হোসেন তাঁর বাবাকে মারধরের বিষয়ে জিজ্ঞেস করতে গেলে তাঁর ওপর হামলা করেন ছিদ্দিক ও চুন্নু। এ সময় শাবলের আঘাতে ঘটনাস্থলেই নবী হোসেন মারা যান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ এলাকায় অভিযান চালিয়ে ছিদ্দিককে আটক করেছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।