ঘাস 'চোর' গরু ধরতে গিয়ে প্রাণ গেল চার বাছুরের
জমিতে লাগানো নেপিয়ার ঘাস খেয়ে ফেলছিল গরু। কিন্তু এই ‘চোর’টা কে বা কারা, তা ধরা যাচ্ছিল না কিছুতেই। বিষয়টি ধরতে কলাপাতার ওপরে বিষমিশ্রিত ভুসি রাখা হয় ঘাসখেতে। তা খেয়ে প্রাণ গেছে চারটি গরুর বাছুরের। মাগুরার শ্রীপুর উপজেলায় গতকাল সোমবার এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, বাছুর চারটির বয়স দেড় থেকে চার মাস। এগুলোর মালিক উপজেলার তারাউজিয়াল গ্রামের উত্তরপাড়ার চার বাসিন্দা। বাছুরগুলো গ্রামের হাফিজার বিশ্বাসের খেত থেকে নেপিয়ার ঘাস খেয়েছিল। বাড়ি ফেরার পর সকাল পৌনে আটটার দিকে একে একে সেগুলো মারা যায়।
পুলিশ জানায়, হাফিজারের ঘাস খেত থেকে প্রতিদিনই গরুতে ঘাস খেয়ে যাচ্ছিল। কিন্তু কার গরুতে ঘাস খাচ্ছিল, তা ধরতে পারছিলেন না তিনি। এ জন্য গতকাল ভোরে তিনি ঘাস খেতে কলাপাতার ওপরে ভুসিতে বিষ মিশিয়ে রাখেন। তাঁর ধারণা ছিল, স্বল্পমাত্রার এ বিষমিশ্রিত ভুসি খেলে গরু অসুস্থ হয়ে পড়বে। তখন তিনি বিষয়টি ধরতে পারবেন। কিন্তু অল্পবয়স্ক বাছুরগুলো ওই ভুসি খেয়ে ফেলায় বিপত্তি ঘটেছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা অমল কুমার সরকার গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বাছুরগুলো বিষক্রিয়ায় মারা গেছে বলে তাঁরা ময়নাতদন্তে প্রমাণ পেয়েছেন।