ঘাড় ভেঙে ওয়ার্কার্স পার্টির কর্মী হত্যা
রাজশাহীর মতিহার থানার ডাঁশমারি এলাকায় মোহাম্মদ আলী (২৮) নামের ওয়ার্কার্স পার্টির এক কর্মীর হাত, পা ও ঘাড় ভেঙে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার রাতে এলাকার একটি পয়োনালা থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ওই দলেরই দুই কর্মীকে আটক করেছে।
নিহত মোহাম্মদ আলীর বাড়ি নগরের ডাঁশমারী এলাকায়। তিনি পেশায় রং মিস্ত্রি ছিলেন। তিনি ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা শাখা শ্রমিক ফেডারেশনের সদস্য।
আটক দুই ব্যক্তি হলেন জিয়ারুল ইসলাম ও রফিকুল ইসলাম। তাঁরা জানিয়েছেন, তাঁরা ওয়ার্কার্স পার্টির ডাঁশমারী ওয়ার্ডের সদস্য। বাড়ি ডাঁশমারী এলাকায়। তাঁদের মধ্যে রফিকুল ইসলাম দাবি করেন, জামায়াত-শিবির এ ঘটনা ঘটাতে পারে।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনার সময় স্থানীয় লোকজন জিয়ারুলকে দৌড়ে পালাতে দেখেছেন। এই তথ্যের ভিত্তিতে জিয়ারুলকে আটক করা হয়। আটকের পর জিয়ারুল বলছেন, কয়েকজন লোক হাঁসুয়া নিয়ে তাড়া করলে তিনি ভয়ে পালিয়ে যাচ্ছিলেন। বিষয়টি রফিকুল জানে। রফিকুলকে আটক করা হলে তিনি বলেন, ঘটনার সময় তিনি পাশে প্রস্রাব করতে বসেছিলেন। তিনি কিছু জানেন না। তবে তাঁর ধারণা, জামায়াত-শিবির এটা করতে পারে।
ওসি জানান, এই দুজনের বক্তব্যই সন্দেহজনক। কারণ, তাঁরা একই সঙ্গে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর কার্যালয় থেকে ফিরছিলেন। পথে এক জায়গায় চা খেয়েছেন। এক সঙ্গেই ডাঁশমারি এলাকায় ফিরছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে মোহাম্মদ আলীর হাত, পা ও ঘাড় ভেঙে ডাঁশমারী এলাকার একটি পয়োনালায় ফেলে দেওয়া হয়। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। একসঙ্গে গেলেও জিয়ারুল ও রফিকুল তাঁকে উদ্ধার করতে যাননি।
ওসি আরও বলেন, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের ভাই বাদী হয়ে একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
হত্যাকাণ্ডের জন্য ওয়ার্কার্স পাটির রাজশাহী মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ দেবু ইসলামী ছাত্রশিবিরকে দায়ী করেছেন। তাঁর দাবি, ‘জেলা শ্রমিক ফেডারেশনের একজন সক্রিয় সদস্য ছিলেন নিহত মোহাম্মদ আলী। তিনি শিবিরের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। শিবির তাঁকে হত্যার হুমকিও দিয়েছিল। সেই সূত্র ধরেই শিবির ক্যাডাররা তাঁকে হত্যা করতে পারে।’