ঘিওরে নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের ঘিওরে রেনু রানী (৪৮) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার তরা এলাকায় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্ক ভিটার সীমানার ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

রেনু উপজেলার জাবরা গ্রামের সুধীর হরিজন ডোমের স্ত্রী। এই দম্পতির চার ছেলে ও এক মেয়ে আছে। তরা এলাকায় দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠান মিল্ক ভিটায় পরিচ্ছন্নতাকর্মীর কাজ করেন সুধীর হরিজন।

পরিবার সূত্র জানায়, স্ত্রী ও ছোট দুই ছেলেকে নিয়ে সুধীর হরিজন মিল্ক ভিটার পরিত্যক্ত একটি ভবনে থাকতেন। তাঁর স্ত্রী রেনু রানী গিলন্ড বাজারে ঝাড়ুদারের কাজ করতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে ওই বাজারে কাজে যাওয়ার উদ্দেশে রেনু বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়ি না ফেরায় আত্মীয়স্বজনের বাড়িসহ হাসপাতালে তাঁর খোঁজ নেন পরিবারের লোকজন। তবে কোথাও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

সুধীর হরিজন বলেন, গতকাল সকাল সাতটার দিকে খোঁজাখুঁজির একপর্যায়ে মিল্ক ভিটা সীমানার ভেতরে একটি পরিত্যক্ত ভিটায় তাঁর স্ত্রীর লাশ পড়ে থাকতে দেখেন পরিবারের লোকজন। বেলা ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন বলেন, লাশের ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। এ ছাড়া গলায় দাগও পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কুপিয়ে ও শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনা সম্পর্কে জানা যাবে।

মিল্ক ভিটার সহকারী ব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) এনামুল হক বলেন, ওই নারীর স্বামী মিল্ক ভিটায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। এ জন্য তাঁর পরিবারকে প্রতিষ্ঠানের ভেতরে একটি পরিত্যক্ত ভবনে থাকতে দেওয়া হয়। তবে হত্যাকাণ্ডের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঘিওর থানার ওসি রবিউল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় নিহত রেনু রানির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।