ঘুম থেকে তুলে নিয়ে দুই শিশুকে হত্যা
বাগেরহাটের মোরেলগঞ্জে সহোদর দুই শিশুকে ঘুম থেকে তুলে নিয়ে শ্বাসরোেধ হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের পায়লাতলা গ্রামের একটি চিংড়িঘের থেকে পুলিশ ওই দুই শিশুর লাশ উদ্ধার করে।
এদিকে যশোরের শার্শা ও সাতক্ষীরা সদর উপজেলা থেকে গতকাল এক যুবক ও এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বাগেরহাট: মোরেলগঞ্জে নিহত শিশুরা হচ্ছে পায়লাতলা গ্রামের বাবু হাওলাদারের ছেলে মীরাজুল হাওলাদার (১০) ও রিয়াজুল হাওলাদার (৮)। মীরাজুল তৃতীয় ও রিয়াজুল প্রথম শ্রেণিতে পড়ত।
শিশুদের দাদি রওশন আরা বেগমের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম খান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার রাতে রওশন আরা তাঁর দুই নাতিকে নিয়ে ঘুমিয়ে পড়েন। ওই সময় তাঁর ছেলে বাবু হাওলাদার ও পুত্রবধূ ছিলেন না। গভীর রাতে প্রতিবেশী বাচ্চু মৃধা তাঁদের বাড়িতে এসে রওশন আরাকে একটি জুস খেতে দেয়। ওই জুস খাওয়ার পর তিনি অচেতন হয়ে পড়েন। গতকাল শুক্রবার দুপুরের দিকে তাঁর ঘুম ভাঙলে তিনি নাতিদের খুঁজতে থাকেন। পরে স্থানীয় লোকজন গ্রামের একটি চিংড়িঘেরে মীরাজুল ও রিয়াজুলের লাশ দেখে পুলিশে সংবাদ দেন। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহত শিশু দুটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাচ্চু মৃধার সঙ্গে বাবু হাওলাদারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাচ্চু মৃধাকে ধরতে অভিযান চলছে। তাকে ধরতে পারলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।
যশোর: শার্শা উপজেলার পুটখালী সীমান্তের দক্ষিণ বারোপোতা গ্রামের একটি বাঁওড় থেকে গতকাল সকাল ১০টার দিকে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করে পুলিশ।
বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, লাশটি কোথা থেকে কীভাবে এল, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। মৃতদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যাকাণ্ড কি না।
সাতক্ষীরা: বিকেল সাড়ে চারটার দিকে সাতক্ষীরা সদর থানার পুলিশ শহরতিলর উত্তর কাটিয়া এলাকার একটি কলাবাগান থেকে সুলেখা রানি বিশ্বাসের (৬৫) লাশ উদ্ধার করে। তিনি শহরতিলর মাগুরা মাধুকাপাড়া এলাকার সুদাম কুমার বিশ্বাসের স্ত্রী।
সদর থানার ওসি গোলাম রহমান জানান, সুলেখা রানিকে কেউ হত্যা করেছে, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।