ঘুমন্ত একজনকে ছুরি মেরে হত্যা
রাজধানীর যাত্রাবাড়ীর নবীনগরে গতকাল বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় শাহ আলম (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যা করা হয়েছে। তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন। সাবলেট হিসেবে থাকা এক যুবক তাঁকে হত্যা করেছে বলে নিহত ব্যক্তির স্ত্রী অভিযোগ করেছেন।
পুলিশ ও নিহত শাহ আলমের পারিবারিক সূত্র বলেছে, শাহ আলম দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে দক্ষিণ যাত্রাবাড়ীর নবীনগরে একটি বাসায় ভাড়া থাকতেন। দুই কক্ষের বাসার একটি কক্ষে সাত-আট মাস আগে সাবলেট হিসেবে ওঠেন রয়েল ও বাহার নামের দুই যুবক। গতকাল সকালে রয়েল কাজে গেলেও বাহার বাসাতেই ছিলেন। সকাল সাড়ে আটটার দিকে চিৎকার শুনে শাহ আলমের স্ত্রী পারভীন আক্তার রান্নাঘর থেকে ছুটে ঘরে ঢুকে দেখেন, তাঁর স্বামীর বুক থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এ সময় তিনি বাহারকে পালিয়ে যেতে দেখেন। শাহ আলমের পাশে থাকা ছোট্ট দুই সন্তান জেগে ওঠে। শাহ আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে তিনি মারা যান। তাঁর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈরে। তাঁর বাবা মৃত আকবর মিয়া।
হাসপাতালে শাহ আলমের স্ত্রী প্রথম আলোকে বলেন, বাহার বাসের চালকের সহকারী। তিন মাস ধরে তিনি বাসা ভাড়া দিচ্ছিলেন না। গত মঙ্গলবার রাতে এ নিয়ে তাঁর স্বামীর সঙ্গে বাহারের কথা-কাটাকাটি হয়। ঘটনার সময় তিনি রান্নাঘরে কাজ করছিলেন।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর বলেন, ধারণা করা হচ্ছে বাহার ঘুমন্ত শাহ আলমকে খুন করে পালিয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।