ঘুমন্ত গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক
চুয়াডাঙ্গা সদর উপজেলার মহাম্মদজমা গ্রামে তহুরা খাতুন (৩০) নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘাতক সন্দেহে স্বামীকে আটক করা হয়েছে। গৃহবধূর পরিবারের অভিযোগ, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে বাবার বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় তহুরাকে স্বামী মো. আকাশ হোসেন (৪০) হত্যা করে পালিয়ে যান।
ঘটনাটি জানাজানি হলে রাতেই আলমডাঙ্গা উপজেলার তিওরবিলা গ্রাম থেকে গৃহবধূর স্বজনেরা স্বামী আকাশকে ধরে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। আকাশ তিওরবিলা গ্রামের মৃত রমজান গাজীর ছেলে।
নিহত গৃহবধূর মা জাহানারা বেগমের তথ্যমতে, ছয় মাস আগে ছোট মেয়ে তহুরার সঙ্গে দিনমজুর আকাশের বিয়ে হয়। এটা তহুরার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামীর ঘরে ইমতিয়াজ নামের ১০ বছরের একটি ছেলে রয়েছে তাঁর। নিঃসন্তান আকাশের এটি চতুর্থ বিয়ে।
তহুরার বাবা জবেদ আলীর ভাষ্য, যৌতুকের দাবিতে বেশ কয়েক দিন ধরে জামাই মেয়ের ওপর নির্যাতন চালিয়ে আসছিলেন। এ কারণে গত বুধবার তিনি স্বামীর বাড়ি তিওরবিলা থেকে মহাম্মদজমা গ্রামে চলে আসেন। ওই দিনই জামাই চারজন গ্রামবাসীকে নিয়ে মহাম্মদজমা গ্রামে আসেন এবং মেয়েকে নিয়ে যেতে চান। কিন্ত মেয়ে স্বামীর সঙ্গে যেতে চাননি। বিষয়টির সমাধানে আগামী বুধবার সালিসের দিন ধার্য করা হয়। এর আগেই গতকাল সন্ধ্যায় আকাশ শ্বশুরবাড়িতে আসেন। রাত সাড়ে ১০টার দিকে ঘুমন্ত তহুরাকে গলা কেটে হত্যা করে তিনি পালিয়ে যান।
তহুরার ভাই পিন্টু হোসেনের তথ্যমতে, রাতেই বিয়ের ঘটক তিওরবিলা গ্রামের আনিস রহমানকে ঘটনাটি জানালে গ্রামবাসী আকাশকে ধরে স্থানীয় পুলিশ ক্যাম্পে সোপর্দ করেন। পরে সদর থানায় পাঠানো হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক প্রথম আলোকে জানান, আজ শুক্রবার সকাল ১০টার দিকে তহুরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান, আকাশের বিরুদ্ধে থানায় একটি চাঁদাবাজির মামলা রয়েছে। থানায় প্রথম আলোর কাছে স্ত্রী হত্যার অভিযোগ অস্বীকার করেছেন আকাশ।