ঘুমন্ত দম্পতির ওপর অ্যাসিড নিক্ষেপ!
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মধ্য ভদ্রঘাট গ্রামে মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ঘুমন্ত এক দম্পতির ওপর অ্যাসিড ছুড়ে মেরেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার তাঁদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, তাঁত ব্যবসায়ী শাহ আলম (৪০) ও তাঁর স্ত্রী আরজিনা বেগম (৩৫) প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত দুইটার দিকে দুর্বৃত্তরা ঘরের বেড়ার ফাঁক দিয়ে তাঁদের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এ সময় তাঁদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসেন। তাঁদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা হিসেবে শরীরে পানি ঢালেন। সকালে দুজনকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, শাহ আলমের শরীরের ৫০ ভাগ ও আরজিনার ৪০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাঁদের ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ক্ষতস্থান দেখে এটি অ্যাসিড নিক্ষেপের ঘটনা বলে মনে হচ্ছে।
অ্যাসিড-সন্ত্রাসের শিকার শাহ আলম বলেন, গ্রামের কারও সঙ্গে তাঁর বিরোধ নেই। কী কারণে কারা অ্যাসিড ছুড়ে মারল, তা ভাবতে পারছেন না।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল সর্দার জানান, এ ঘটনায় শাহ আলমের ভাই বাদী হয়ে গতকাল মামলা করেছেন।