‘ট্রেনের নিচে ফেলার আগে মোজোর বোতলে দশটা ঘুমের ট্যাবলেট মিশাই। খাওয়ানোর পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে মেনন। ঘুমন্ত মেননকে রেললাইনের ওপর শুইয়ে দিই।’
দুই লাখ টাকা পাওয়ার আশায় কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের ছাত্র মেনন রায়হানকে ট্রেনের নিচে ফেলে হত্যার দায় স্বীকার করে তাঁর ঘনিষ্ঠ বন্ধু মামুন মিয়া আদালতে ১৬৪ ধারায় এ জবানবন্দি দেন। কিশোরগঞ্জ ২ নম্বর আমলি আদালতের মুখ্য বিচারিক হাকিম হামিদুল ইসলাম গত বৃহস্পতিবার সন্ধ্যায় মামুনের বক্তব্য রেকর্ড করেন।
মেনন রায়হানের (২৫) বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের মজলিশপুর গ্রামে। মামুন একই উপজেলার দক্ষিণ পিরিজপুর গ্রামের বাসিন্দা। তিনি সাত বছর দুবাইয়ে কাটিয়ে ছয় মাস আগে দেশে আসেন।
সহকারী পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) মৃত্যুঞ্জয় দে জানান, জবানবন্দিতে মামুন বলেছেন, জানুয়ারির প্রথম সপ্তাহে ঢাকায় মেননের সঙ্গে তাঁর দেখা হয়। মেনন সেখানে তাঁর কাছে টাকার প্রয়োজন বলে জানান। টাকার চাহিদা মেটাতে মেননই তাঁকে প্রস্তাব দেন, মেননকে অপহরণ করা হয়েছে জানিয়ে মা-বাবাকে ফোন দিতে। মুক্তিপণ হিসেবে দুই লাখ টাকা দাবি করতে বলা হয়। মেননের বিশ্বাস ছিল মা-বাবা অপহরণের কথা জানার পর টাকার চিন্তা না করে ছেলেকে মুক্ত করতে আসবেন। এ থেকে মামুনকে ৫০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন মেনন। মামুন এতে রাজি হয়ে যান। পরিকল্পনা অনুযায়ী ৭ জানুয়ারি সকালে মেনন ভৈরবে আসেন। এদিকে পুরো টাকা আত্মসাৎ করার চিন্তা থেকে মেননকে হত্যার পরিকল্পনা করেন মামুন। সন্ধ্যা হওয়ার পর মেননকে নেওয়া হয় ভৈরবের কালিকাপ্রসাদ এলাকার রেললাইনের কাছে নির্জন স্থানে। ট্রেন আসার আগে কৌশলে মেননকে ঘুমের ট্যাবলেট মেশানো কোমলপানীয় পান করানো হয়। কিছুক্ষণের মধ্যে মামুনের কাঁধে মাথা রেখে মেনন ঘুমিয়ে পড়েন। এর কিছুক্ষণের মধ্যে ট্রেন আসছে দেখে মেননকে লাইনের ওপর শুইয়ে রাখা হয়। ট্রেন যায় মেননের ওপর দিয়ে। দ্বিখণ্ডিত হয়ে যায় মেননের দেহ।
এরপর মেননের বাবা রায়হান উদ্দিনকে মুঠোফোনে কল দিয়ে মেননকে অপহরণ করা হয়েছে জানিয়ে দুই লাখ টাকা মুক্তিপণ চান মামুন। ওই দিনই মেননের বাবা থানায় সাধারণ ডায়েরি করেন।
বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, ‘ফাঁদে ফেলে মামুনকে ধরার চেষ্টা করেও সফল হওয়া যায়নি। পরে কণ্ঠ পর্যালোচনা করে আমরা নিশ্চিত হই অপহরণের সঙ্গে মামুন জড়িত। ৪ ফেব্রুয়ারি মামুনকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করার পর তিনি সব স্বীকার করেন।
ওসি জানান, ৭ জানুয়ারি ভৈরব রেলওয়ে পুলিশ কালিকাপ্রসাদ এলাকা থেকে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। পরে অজ্ঞাত হিসেবে লাশ দাফন করা হয়। ঘটনা প্রকাশ পাওয়ার পর রেলওয়ে থানায় সংরক্ষণ করা লাশটির ছবি ও কাপড় থেকে পরিবারের সদস্যরা নিশ্চিত হন, ওই লাশটি মেননের ছিল।