ঘুমন্ত মা-মেয়ের গায়ে অ্যাসিড ছুড়ল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি গ্রামে মা ও মেয়ে অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। গতকাল শনিবার মধ্যরাতে কে বা কারা তাঁদের ওপর অ্যাসিড নিক্ষেপ করে।
অ্যাসিডে দগ্ধ দুজন হলেন হনুফা খাতুন (৩৮) ও তাঁর মেয়ে বেলী খাতুন (১২)।

হনুফার স্বামী বেলাল হোসেন জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। গতকাল রাতে তাঁদের সিরাজগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় আজ রোববার তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, হনুফা ও তাঁর মেয়ে গতকাল রাতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে হনুফার শরীরের বিভিন্ন অংশ এবং বেলীর হাতের অংশ ঝলসে যায়।

হনুফার স্বামী বেলাল হোসেন বলেন, ‘ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। জমি-জমা নিয়ে প্রায় ২০ বছর ধরে একই গ্রামের সাকাওয়াতের সঙ্গে আমার দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে গ্রামে একাধিকবার দরবার, সালিসও হয়। কিছুদিন আগে সাকাওয়াতের পক্ষের লোকজন হামলা চালিয়ে আমার ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করে এবং আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টা চালায়। এই ঘটনার কারণেই তাঁরা আমাদের অ্যাসিড ছুড়ে মেরেছে।’

এ বিষয়ে জানতে সাকাওয়াতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে শেষ পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, দুজনেরই শরীরের কিছু অংশ ঝলসে গেছে।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা জানান, ঘটনাস্থল থেকে মশারি ও কাঁথা-বালিশ জব্দ করা হয়েছে। এগুলো পরীক্ষা করা হবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।