মা-মেয়েকে পুড়িয়ে হত্যা মামলার আসামি 'বন্দুকযুদ্ধে' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফারাসপুরে ঘুমন্ত মা-মেয়েকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল হোসেন (৪৫) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আজ সোমবার ভোররাত তিনটার দিকে উপজেলার বারোবাজার এলাকার কড়ইতলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব‍) টহল দলের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে কামাল মারা যান।

কীভাবে ‘বন্দুকযুদ্ধ’ হলো—এমন প্রশ্নের উত্তরে ওসি আনোয়ার জানান, ভোররাতে র‍্যাব-৬-এর একটি টহল দল কড়ইতলা দিয়ে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলে করে তিন ব্যক্তি যাচ্ছিলেন। র‍্যাবের সন্দেহ হওয়ায় সেটিকে থামতে সংকেত দেয়। কিন্তু মোটরসাইকেলটি না থামিয়ে সেটি থেকে র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। তখন জীবন বাঁচাতে র‍্যাবও পাল্টা গুলি ​ছোড়ে। ‘বন্দুকযুদ্ধের’ একপর্যায়ে কামাল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। অপর দুই আরোহী মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যান।

এদিকে, র‍্যাব-৬-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

কামালের পরিচয় সম্পর্কে ওসি আনোয়ারের তথ্য, নিহত কামালের বাড়ি যশোরের লেবুতলায়। গত ২০ অক্টোবর কালীগঞ্জের ফারাসপুরে মা তাছলিমা খাতুন (৪৫) ও মেয়ে তাছমিয়া আক্তারকে (১৮ মাস) পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি কামাল। ওই ঘটনায় মামলা করার পর থেকেই পুলিশ তাঁকে খুঁজছিল।

ওসি আরও জানান, কামালের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।