ঘুমন্ত মানুষকে কুপিয়ে হত্যা
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামে আব্দুস সাত্তার দফাদার (৫৫) নামে এক ব্যক্তিকে গলা কেটে খুন করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এ হত্যাকান্ড ঘটে।
নিহত সাত্তার দফাদার কাঠমিস্ত্রির কাজ করতেন। তাঁর ছয় ছেলে মেয়ে রয়েছে। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে তিনি নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে ঘরের দরজা খোলা ছিল। ঘুমন্ত অবস্থায় তাঁর গলা ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় সাত্তারকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, ‘কারা কি কারণে এ হত্যাকান্ড ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। সাত্তার দফাদার এলাকায় নিরীহ ভালো মানুষ হিসেবে পরিচিত। কারও সঙ্গে তাঁর বিরোধ ছিল না। তাঁর এক মেয়ে বিদেশে থাকেন। ঈদের আগে তিনি বিদেশ থেকে টাকা পাঠান। হত্যাকাণ্ডের সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’