ঘুমন্ত শিক্ষককে গলা কেটে হত্যা
খাগড়াছড়িতে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক শিক্ষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হামলায় ওই শিক্ষকের স্ত্রীও আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম মিলন বিকাশ চাকমা (৫৫)। তিনি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার নিম্ন কেঙলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। বাড়ি খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যাংঘাট গ্রামে। হামলায় আহত স্ত্রী বীরলা চাকমাকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাইসছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাত্মশীল চাকমার ভাষ্য, দুর্বৃত্তরা গতকাল রাতে বাড়িতে ঢুকে মিলন বিকাশ চাকমাকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করে। এ সময় স্ত্রী বীরলা চাকমা ঘুম থেকে জেগে চিৎকার করেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর ওপরও হামলা চালায়। ওই সময় বাড়িতে কেউ ছিলেন না বলে তিনি জানান।
মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবীর চৌধুরীর ভাষ্য, মিলন বিকাশ চাকমাকে হত্যা করার কারণ পরিষ্কার নয়। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত থাকতে পারে, স্বজনেরা বলতে পারেননি।