ঘুমন্ত স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা সৎমা আটক
গাজীপুরের টঙ্গীর আউচপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে সৎ মায়ের হাতে এক স্কুলছাত্রী খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার ও সৎ মাকে আটক করে।
সাদিয়া আলম (১৩) টঙ্গী পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আউচপাড়া এলাকার রিয়েল এস্টেট ব্যবসায়ী সফিউল আলম তাঁর প্রথম স্ত্রীর মেয়ে সাদিয়া আলম ও দ্বিতীয় স্ত্রী শাকিলা জাহানকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। প্রায় এক বছর আগে সফিউল দ্বিতীয় বিয়ে করেন। শাকিলা সন্তান ধারণে আগ্রহ প্রকাশ করলেও স্বামী তাতে রাজি ছিলেন না। কৌশলে স্বামী দুবার শাকিলার গর্ভের ভ্রূণ নষ্ট করে ফেলেন। এ নিয়ে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল।
দাম্পত্য কলহের জেরে গতকাল ভোর সাড়ে পাঁচটা থেকে সাতটার মধ্যে সাদিয়া ঘুমিয়ে থাকা অবস্থায় শাকিলা তাকে কুপিয়ে হত্যা করেন। তখন তাঁর স্বামী বাসায় ছিলেন না। তিনি প্রতিদিনের মতো গতকালও প্রাতর্ভ্রমণে বের হন। সেই সুযোগে ঘরের দরজা বন্ধ করে এ হত্যাকাণ্ড ঘটান শাকিলা।
সফিউল বাসায় ফেরার পর তাঁর স্ত্রীকে ঘরের দরজায় তালা মেরে বাইরে অবস্থান করতে দেখেন। তাঁর আচরণও ছিল অস্বাভাবিক। কারণ জানতে চাইলে শাকিলা তাঁর স্বামীর কাছে মেয়েকে খুন করার কথা জানান। পরে ঘরে ঢুকে মেয়ের লাশ দেখতে পান সফিউল। পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থল থেকে সাদিয়ার লাশ ও একটি রক্তমাখা চাপাতি উদ্ধার করে। পুলিশ শাকিলাকে আটক করেছে।