ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জে এক ব্যক্তি তাঁর ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যা করেছেন। গতকাল সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ গতকালই হত্যাকারীকে গ্রেপ্তার করে।
থানার পুলিশ জানায়, উপজেলার ছোট হাজীপুর ডাঙ্গাপাড়া গ্রামের আরিফা বেগমের (২৭) সঙ্গে হাজীপুর ডাঙ্গাপাড়া গ্রামের মিজানুর রহমানের (৩৫) নয় বছর আগে বিয়ে হয়। তাঁদের দুটি শিশুসন্তান আছে।
মিজানুরের বরাত দিয়ে বদরগঞ্জ থানার এসআই এ কে এম নাজমুল কাদের জানান, গত রোববার রাতের খাবার খেয়ে স্ত্রী ও সন্তানদের নিয়ে মিজানুর ঘুমিয়ে পড়েন। ভোরে তিনি ঘুমন্ত স্ত্রীর গলায় ছুরি চালিয়ে হত্যা করেন। পরে তিনি মোটরসাইকেল চালিয়ে বদরগঞ্জ পৌর এলাকার আওয়ামী লীগের এক নেতার বাসায় যান। ওই নেতা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে। স্ত্রীকে হত্যার কারণ সম্পর্কে মিজানুর বলেন, তাঁর কিছু শারীরিক অসুস্থতার কারণে তিনি হতাশ হয়ে স্ত্রীকে হত্যা করেন।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আরিফার বড় ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মিজানুরের বিরুদ্ধে গতকাল দুপুরে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। এজাহারে শহিদুল উল্লেখ করেন, তিনি (শহিদুল) ও তাঁর ভাইদের নামে বাবা সহির উদ্দিন বদরগঞ্জ পৌর এলাকার চাঁদকুঠিরডাঙ্গা এলাকার ৪০ শতক জমি লিখে দেন। এই জমি অংশীদার সূত্রে মিজানুর তাঁর স্ত্রী আরিফার নামে দাবি করেন এবং জমির ভাগ বুঝে নেওয়ার জন্য স্ত্রীকে চাপ দিতেন। এতে আরিফা রাজি না হওয়ায় তাঁকে হত্যা করা হয়।