ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে আলেয়া খাতুন (৪০) নামে এক গৃহবধূকে তাঁর স্বামী রহম আলী গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোররাতে এ ঘটনার পর থেকে রহম আলী পলাতক রয়েছেন।

নিহত আলেয়ার ভাগনে ইউনুস আলীর ভাষ্য, তাঁর খালু রহম আলী পরকীয়ার মিথ্যা অভিযোগ তুলে গত তিন বছর ধরে নিজের স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এই নিয়ে গোপীনাথপুর গ্রামে কয়েক দফা সালিসও হয়।

আলেয়া-রহম দম্পতির ছোট ছেলে সুরুজ মিয়া (১৮) বলেন, ‘বাবা প্রায়ই মাকে খুন করবে বলে হুমকি-ধমকি দিয়ে আসছিলেন। তবে, গতকাল শনিবার রাতে তাঁকে অনেকটা স্বাভাবিক দেখা যায়।’

ওই দম্পতির মেয়ে রহিমা খাতুন (১৬) বলে, রাতে সে তার ছোট বোন হালিমাকে (৯) নিয়ে ঘরে চৌকির ওপর ঘুমিয়েছিল। আর বাবা-মা ঘরের মেঝেতে ঘুমিয়েছিলেন। ভোররাতের দিকে একটি শব্দে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখতে পায় তার বাবা ধারালো অস্ত্র হাতে করে দ্রুতগতিতে ঘর থেকে বের হয়ে যাচ্ছেন। আর ঘরের মেঝেতে মায়ের রক্তাক্ত লাশ পড়ে আছে। এরপর বাড়ির অন্যদের সে খবরটি জানায়।

সদর থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, দাম্পত্য কলহের কারণেই খুনের ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।