ঘুমন্ত স্বামীকে গরম পানি ঢেলে ঝলসে দিলেন স্ত্রী
রাজধানীর কল্যাণপুরে গরম পানিতে ঝলসে গেছেন এক ব্যক্তি। ঘুমন্ত ওই ব্যক্তির গায়ে তাঁর স্ত্রী গরম পানি ঢেলে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই গৃহবধূকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
দগ্ধ ব্যক্তির নাম রাজা মোল্লা (৩৩)। তিনি একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজা মোল্লার ভাই রাজীব মোল্লা অভিযোগ করেন, রাজার স্ত্রী সেলিনা আক্তার এ ঘটনা ঘটিয়েছেন। তিনি বলেন, রাজা ও সেলিনার প্রায় ১০ বছর আগে বিয়ে হয়েছে। প্রায়ই তাঁদের মধ্যে ঝগড়া হয়। গত বৃহস্পতিবার রাতে খাওয়ার সময়ও তাঁদের মধ্যে ঝগড়া হয়। পরে সবাই ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে সেলিনা ঘুমন্ত রাজার গায়ে গরম পানি ঢেলে দেন। এরপর থেকে সেলিনাকে পাওয়া যাচ্ছে না। সকাল সাড়ে সাতটার দিকে রাজাকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বলেন, রাজার শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
সিলিন্ডার বিস্ফোরণে মিনিবাসে আগুন: গতকাল বেলা একটার দিকে বিজয় সরণিতে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে বিহঙ্গ পরিবহনের একটি মিনিবাসে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক প্রথম আলোকে বলেন, মিরপুর থেকে মিনিবাসটি গুলিস্তানের দিকে যাচ্ছিল। বিজয় সরণি মোড়ে এলে মিনিবাসের গ্যাসের সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। এতে মিনিবাসের সামনের অংশে আগুন ধরে যায়। মিনিবাসের যাত্রী ও চালক, সহকারী দ্রুত নেমে যান। ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর
পেয়ে মোহাম্মদপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভায়।